ওয়ানবাংলানিউজ: লন্ডনে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান করেছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন, এতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু-কন্যা এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা। স্থানীয় সময় রোববার যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের উদ্যোগে ‘বাংলাদেশ ভবন’ এ ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে শেখ রেহানা হাই কমিশনারকে নিয়ে অভ্যাগত অতিথিদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং পুরো অনুষ্ঠানটি সবার সাথে উপভোগ করেন। বর্ষবরণের একদিকে ছিল বাংলাদেশি-ব্রিটিশ শিল্পীদের পরিবেশিত গান ও কবিতা আবৃত্তি। অন্যদিকে ছিল পিঠা-পুলি, ঝাল মুড়ি, চটপটি, পান্তাভাত, বিভিন্ন ধরনের ভর্তা, মাছ ভাজি ও খিচুরিসহ বাঙ্গালির চিরচেনা ঐতিহ্যবাহী খাবারের সমারোহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে হাই কমিশনার সাইদা মুনা তাসনীম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বাঙালির হাজার বছরের ঐতিহ্য সারা বিশ্বে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাঙালির কৃষ্টি ও সংস্কৃতিকে ভিত্তি করেই বাংলাদেশকে একটি ধর্ম-নিরপেক্ষ ও বৈষম্যহীন আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। আজ তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে একটি সমৃদ্ধ ও সুস্থ্য সংস্কৃতি চর্চার দেশ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে।”
এ উপলক্ষে ব্রিটিশ-বাংলাদেশি শিল্পী এস এম আসাদ উল্লার একক চিত্র প্রদর্শনীতে বাংলাদেশের প্রকৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানস্থল সাজানো হয়েছিলো বাংলার ঐতিহ্যবাহী নকশা, মুখোশ, পোস্টার ও ফেস্টুন দিয়ে।
শিশুদের বিনোদনের জন্যও ছিল বিশেষ ধরনের খেলাধুলার ব্যবস্থা। বৈশাখের ঐতিহ্যবাহী সাজে নতুন প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশি শিশু-কিশোররাও বড়দের পাশাপাশি অনেক উৎসাহ-উদ্দীপনা নিয়ে পহেলা বৈশাখের বরণ অনুষ্ঠানটি উপভোগ করে।
লাল-সাদা পাঞ্জাবিতে পুরুষ এবং লাল-সাদা শাড়িতে মহিলা অতিথিরা অনুষ্ঠানটিকে করে তুলেছিলেন আরও বর্ণাঢ্য ।
তারা গান, কবিতা ও ঐতিহ্যবাহী খাবার প্রাণভরে উপভোগ করেন এবং এ ধরনের একটি চমৎকার বর্ষবরণ উৎসব আয়োজনের জন্য হাই কমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামীলীগ ও সমমনা দলের লোকজন উপস্থিত ছিলেন।














