জিটিএ সিক্স রিলিজে শিক্ষার্থীদের অনুপস্থিতি ঠেকাতে কঠোর ব্যবস্থা স্কুলের…

1

সাইফ হাসান: দীর্ঘ ১৩ বছর পর আগামী বৃহস্পতিবার মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো সিক্স বা জিটিএ সিক্স। এই গেমটি খেলার জন্য শিক্ষার্থীরা যেন বৃহস্পতি ও শুক্রবার স্কুল ফাঁকি না দেয়, সেজন্য অভিভাবকদের সতর্কবার্তা দিয়েছে যুক্তরাজ্যের বেশ কয়েকটি স্কুল। গেমটি মুক্তির দিন জিসিএসই গণিত পরীক্ষা থাকায় উপস্থিতি নিশ্চিত করতে চিঠি পাঠানো হয়েছে। এমনকি স্কুলে উপস্থিত শিক্ষার্থীদের উৎসাহিত করতে আকর্ষণীয় গিফট কার্ড পুরস্কারেরও ঘোষণা দিয়েছে একটি স্কুল।

বিবিসি সাউন্ডসের পডকাস্ট দ্য নোলান শো-এর প্রতিবেদনে বলা হয়েছে, বেলফাস্ট বয়েজ মডেল স্কুল ১৯ নভেম্বর বৃহস্পতিবার শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের চিঠি দিয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, গেম খেলার মতো কাজগুলো সপ্তাহান্তের ছুটির দিনের জন্য তুলে রাখা উচিত। এ ছাড়া বৃহস্পতি ও শুক্রবার উভয় দিন স্কুলে উপস্থিত থাকা শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্লেস্টেশন বা এক্সবক্সের ৭০ পাউন্ডের গিফট কার্ড দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা দিয়ে গেমটি কেনা যাবে।

অন্যদিকে প্লেস্টেশন রেডিট কমিউনিটির মাধ্যমে জানা গেছে, আরেকটি স্কুলও গেম খেলার অজুহাতে শিক্ষার্থীদের অনুপস্থিতি মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। স্কুলটির চিঠিতে ভুলবশত গেমটির নাম গ্রান তুরিসমো সিক্স লেখা হলেও, বৃহস্পতি ও শুক্রবারের হাজিরা খাতা কঠোরভাবে নজরদারির কথা উল্লেখ করা হয়। পাশাপাশি রক্তপাত, সহিংসতা, প্রাপ্তবয়স্কদের কৌতুক, নগ্নতা, অশ্লীল ভাষা, যৌন বিষয়বস্তু এবং মাদক ও মদ্যপানের দৃশ্য থাকায় গেমটি কেবল ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য নির্ধারিত বলে অভিভাবকদের মনে করিয়ে দেওয়া হয়েছে।

নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাত থেকে প্লেস্টেশন ফাইভ এবং এক্সবক্স সিরিজ এক্স ও এস কনসোলে গ্র্যান্ড থেফট অটো সিক্স খেলা যাবে। যুক্তরাজ্যের গেমাররাও বৃহস্পতিবার মধ্যরাত থেকেই গেমটি খেলার সুযোগ পাবেন। যারা আগে থেকেই ডিজিটাল সংস্করণ প্রি-অর্ডার করেছেন, তারা লঞ্চের আগেই ২১০ গিগাবাইটের বিশাল এই গেম ফাইলটি ডাউনলোড করে রাখতে পারছেন।

#যুক্তরাজ্য #জিটিএ৬ #ভিডিওগেম #ব্রিটেনসংবাদ #aknews #onebanglanews