ডেনমার্কের পথেই হাঁটছে যুক্তরাজ্য, কঠোর হচ্ছে অভিবাসন নীতি…

1

সাইফ হাসান: যুক্তরাজ্যে যাদের আশ্রয়ের আবেদন বাতিল হয়েছে, তাদের দেশ থেকে ফেরত পাঠানোর আগে আর কোনো আগাম নোটিশ দেবে না সরকার। বর্তমানে পাঁচ কার্যদিবসের নোটিশ দেওয়ার নিয়ম থাকলেও অভিবাসন আইনে পরিবর্তন এনে তা বাতিল করা হচ্ছে। নতুন এই নিয়মে আবেদন বাতিল হওয়ার পর থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে হোম অফিস যেকোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেরত পাঠাতে পারবে। হোম সেক্রেটারি শাবানা মাহমুদ পার্লামেন্টে চলমান ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম বিলে সংশোধনী এনে এই পদক্ষেপ নিচ্ছেন। শেষ মুহূর্তের আইনি আপিল ঠেকিয়ে দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে দাতব্য সংস্থা রিফিউজি কাউন্সিল। সংস্থাটির পরিচালক ইমরান হোসেন জানান, এভাবে হঠাৎ নোটিশ ছাড়া মানুষকে সরিয়ে দিলে তাদের মধ্যে অপ্রয়োজনীয় আতঙ্ক ও মানসিক চাপ তৈরি হবে। তার মতে, জোরপূর্বক ফেরত পাঠানোর চেয়ে মর্যাদার সাথে স্বেচ্ছায় ফিরে যেতে সহায়তা করলে করদাতাদের অর্থ সাশ্রয় হয় এবং তা অনেক বেশি কার্যকর।

নতুন নিয়ম কার্যকর হলে আপিলের সব সুযোগ শেষ হওয়া ব্যক্তিদের তাৎক্ষণিক ফেরত পাঠানোর ক্ষমতা পাবে হোম অফিস। ডেনমার্কে একই ধরনের নীতি চালুর পর পাঁচ বছরে বিতাড়নের অপেক্ষায় থাকা অভিবাসীর সংখ্যা অর্ধেকেরও বেশি কমে এক হাজারের নিচে নেমে এসেছে বলে উদাহরণ দিয়েছে কর্তৃপক্ষ। সীমান্ত নিরাপত্তা ও আশ্রয়বিষয়ক মন্ত্রী অ্যানা টার্লি বলেন, আপিলের সুযোগ শেষ হওয়ার পর কেউ যেন বৈধ বিতাড়ন প্রক্রিয়া বিলম্বিত করতে না পারে এবং ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসে, সেজন্যই এই বিল আনা হচ্ছে।

এর আগে স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার অ্যাসাইলাম আবেদনের জট কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ৪০ হাজার ১৬৮ জন প্রাথমিক সিদ্ধান্তের অপেক্ষায় এবং ৯০ হাজার ৩৪১ জন আদালতে আপিলের রায়ের অপেক্ষায় ছিলেন। এ ছাড়া ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত নিষ্পত্তি হওয়া আবেদনগুলোর মধ্যে ৩৮ শতাংশ মানুষ শরণার্থী হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাজ্যে মোট অ্যাসাইলাম আবেদনের ৪০ শতাংশই আসে ছোট নৌকায় চড়ে সমুদ্রপথ পাড়ি দিয়ে আসা ব্যক্তিদের কাছ থেকে। বাকি ৬০ শতাংশ আবেদন করেন তারা, যারা অন্য কোনো অবৈধ উপায়ে কিংবা বৈধ ভিসায় যুক্তরাজ্যে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করেছেন।

#যুক্তরাজ্য #অভিবাসনআইন #ব্রিটেনসংবাদ #aknews #onebanglanews