প্রবাসী ব্রিটিশদের পেনশন নিয়ে বড় সুখবর ও সতর্কতা…

1

সাইফ হাসান: যুক্তরাজ্যের বাইরে বসবাসরত ব্রিটিশ প্রবাসীদের আগামী এপ্রিলের আগেই স্টেট পেনশন সংক্রান্ত নতুন নিয়মগুলো জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তা না হলে তারা বছরে প্রায় ৪৯০ পাউন্ডের বাড়তি পেনশন সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। ২০২৭ সালের এপ্রিল থেকে পূর্ণাঙ্গ নতুন স্টেট পেনশন সপ্তাহে ২৪১ দশমিক ৩০ পাউন্ড থেকে বেড়ে ২৫০ দশমিক ৭০ পাউন্ড হতে যাচ্ছে। একই সময়ে যুক্তরাজ্যে থাকা সম্পত্তি ও সঞ্চয়ের আয়ের ওপর করের হারও বাড়বে। ফলে প্রবাসীদের এখনই নিজেদের ন্যাশনাল ইনস্যুরেন্স রেকর্ড যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠান উইলিয়াম রাসেল জানিয়েছে, আগামী এপ্রিল থেকে অব্যবহৃত পেনশন তহবিল এবং পেনশন ডেথ বেনিফিট যুক্তরাজ্যের উত্তরাধিকার করের আওতায় আসবে। এ ছাড়া বিদেশে থাকাকালীন ভলান্টারি ক্লাস থ্রি কন্ট্রিবিউশন জমা দেওয়ার জন্য নতুন আবেদনকারীদের অন্তত ১০ বছর যুক্তরাজ্যে বসবাস বা ন্যাশনাল ইনস্যুরেন্সের যোগ্যতা থাকতে হবে। বর্তমানে ক্লাস থ্রি কন্ট্রিবিউশনের খরচ সপ্তাহে ১৮ দশমিক ৪০ পাউন্ড বা বছরে ৯৫৬ দশমিক ৮০ পাউন্ড নির্ধারণ করা হয়েছে, যা আগের ক্লাস টু হারের তুলনায় অনেক বেশি।

উইলিয়াম রাসেলের পরিচালক উইলিয়াম কুপার জানান, আগামী ২০২৭ সালের এপ্রিলে স্টেট পেনশন ৩ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি প্রবাসীদের জন্য একটি দারুণ খবর। তবে সব প্রবাসী এই সুবিধা পাবেন না বলে সতর্ক করে তিনি বলেন, প্রথমেই নিজের ন্যাশনাল ইনস্যুরেন্স রেকর্ড এবং পেনশনের পূর্বাভাস যাচাই করা জরুরি। সব শূন্যস্থান পূরণ না করেও কেবল কয়েকটি অতিরিক্ত বছরের হিসাব ঠিক করলে পেনশনের পরিমাণ বাড়ানো এবং অর্থ সাশ্রয় করা সম্ভব।

প্রবাসীরা কোন দেশে বসবাস করছেন তার ওপরও পেনশন বৃদ্ধির বিষয়টি নির্ভর করে বলে মনে করিয়ে দিয়েছেন এই বিশেষজ্ঞ। স্পেন ও ফ্রান্সের মতো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বসবাসকারী পেনশনভোগীরা সাধারণত বার্ষিক এই বর্ধিত সুবিধা পেয়ে থাকেন। কিন্তু অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলোতে বসবাসরত প্রবাসীদের যুক্তরাজ্যের স্টেট পেনশন আগের মতোই অপরিবর্তিত বা ফ্রোজেন অবস্থায় থেকে যায়।

উইলিয়াম কুপার আরও উল্লেখ করেন, ২০২৬ সালের এপ্রিল থেকে বিদেশে থাকা বেশিরভাগ মানুষ আর ক্লাস টু কন্ট্রিবিউশন দিতে পারছেন না। তবে যোগ্য বিদ্যমান অবদানকারীরা ২০২৭ সালের ৫ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থার সুবিধা নিতে পারবেন। নিজের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত না হলে এইচএমআরসি-এর ইন্টারন্যাশনাল পেনশন সেন্টারে যোগাযোগ করতে অথবা সিএফ৮৩ ফর্ম জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

#যুক্তরাজ্য #স্টেটপেনশন #ব্রিটিশপ্রবাসী #ব্রিটেনসংবাদ #aknews #onebanglanews