উইন্টার ফুয়েল পেমেন্ট থেকে বাদ পড়ছেন কারা…

1

সাইফ হাসান: যুক্তরাজ্যে চলতি সপ্তাহ থেকেই ২০২৬-২৭ শীত মৌসুমের উইন্টার ফুয়েল পেমেন্ট বিতরণ শুরু করতে যাচ্ছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস বা ডিডব্লিউপি। তবে বার্ষিক আয় ৩৫ হাজার পাউন্ডের কম হওয়া সত্ত্বেও পাঁচ শ্রেণির রাষ্ট্রীয় পেনশনভোগী এই অর্থ পাবেন না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ১৯৬০ সালের ২৭ জুন বা তার আগে জন্মগ্রহণকারী এবং ইংল্যান্ড ও ওয়েলসে বসবাসকারীরা সাধারণত ১০০ থেকে ৩০০ পাউন্ড পর্যন্ত এই ভাতা পেয়ে থাকেন। গত ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত কোয়ালিফাইং সপ্তাহের পরিস্থিতির ওপর ভিত্তি করে যোগ্যদের ব্যাংক অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে এই অর্থ পাঠানো হবে।

ডিডব্লিউপির নির্দেশিকা অনুযায়ী, যারা ইংল্যান্ড ও ওয়েলসের বাইরে বসবাস করেন তারা এই ভাতার আওতায় আসবেন না। এ ছাড়া ২১ থেকে ২৭ সেপ্টেম্বরের পুরো সপ্তাহ এবং তার আগের এক বছর ধরে হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাধীন ব্যক্তিরাও এই সুবিধা পাবেন না। পাশাপাশি যুক্তরাজ্যে প্রবেশের অনুমতির শর্তে সরকারি তহবিল থেকে সুবিধা নেওয়ার নিষেধাজ্ঞা থাকলে এবং কোয়ালিফাইং সপ্তাহজুড়ে কারাগারে বন্দি থাকলেও এই ভাতা মিলবে না।

পঞ্চম গোষ্ঠী হিসেবে বাদ পড়ছেন তারা, যারা ইউনিভার্সাল ক্রেডিট, পেনশন ক্রেডিট, ইনকাম সাপোর্ট, ইনকাম-ভিত্তিক জেএসএ বা ইএসএ সুবিধা পান এবং ২০২৫ সালের ২৩ জুন বা তার আগে থেকে টানা কেয়ার হোমে বসবাস করছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, যোগ্য ব্যক্তিরা অক্টোবর বা নভেম্বরের মধ্যেই কত টাকা পাবেন তা উল্লেখ করে একটি চিঠি পাবেন এবং এই অর্থ তাদের অন্যান্য সরকারি সুবিধায় কোনো প্রভাব ফেলবে না।

অন্যদিকে, রাষ্ট্রীয় পেনশনসহ কারও বার্ষিক আয় ৩৫ হাজার পাউন্ডের বেশি হলে তিনি এই ভাতার অর্থ রাখতে পারবেন না। ডিডব্লিউপি জানিয়েছে, এমন ক্ষেত্রে এইচএমআরসি ট্যাক্স কোড পরিবর্তন করে অথবা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্নের মাধ্যমে সমপরিমাণ অর্থ কর হিসেবে কেটে নেবে। উল্লেখ্য, বিগত কয়েক বছরে নীতিগত নানা পরিবর্তনের পর এবার শর্তসাপেক্ষে অধিকাংশ পেনশনভোগীর জন্য ভাতাটি পুনরায় চালু করা হয়েছে।

#যুক্তরাজ্য #উইন্টারফুয়েলপেমেন্ট #পেনশন #ব্রিটেনসংবাদ #aknews #onebanglanews