ব্রিটেনে স্ট্রোকের পর প্রয়োজনীয় থেরাপি পাচ্ছেন মাত্র ৬.৪ শতাংশ রোগী

2

সাইফ হাসান: যুক্তরাজ্যে স্ট্রোকে আ*ক্রান্ত রোগীদের একটি বিশাল অংশ এনএইচএসের নির্ধারিত থেরাপি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, মাত্র ৬.৪ শতাংশ রোগী তাদের প্রাপ্য পুনর্বাসন সুবিধা পাচ্ছেন। পর্যাপ্ত থেরাপির অভাবে রোগীদের শারীরিক ও মানসিক সুস্থতা ফিরে পাওয়ার প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যা*হত হচ্ছে। স্ট্রোক অ্যাসোসিয়েশন এই পরিস্থিতিকে অত্যন্ত হতাশাজনক বলে উল্লেখ করেছে। মূলত স্বাস্থ্যখাতের অতিরিক্ত চাপের কারণেই এমন সং*কট তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সেন্সিনেল স্ট্রোক ন্যাশনাল অডিট প্রোগ্রামের (এসএসএনএপি) বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে স্ট্রোক রোগীদের সপ্তাহে অন্তত পাঁচ দিন দৈনিক তিন ঘণ্টা করে থেরাপি পাওয়ার কথা। কিন্তু চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের তথ্যে দেখা যায়, মাত্র ৬.৪ শতাংশ রোগী এই সুবিধা পেয়েছেন, যা ২০২৪ সালের শেষ প্রান্তিকে ছিল ৭.৫ শতাংশ। বর্তমানে রোগীরা গড়ে মাত্র ৪০ মিনিট থেরাপি পাচ্ছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মাত্র ৬৮ শতাংশ রোগী পরবর্তী সহায়তা পান।

যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় এক লাখ মানুষ স্ট্রোকে আক্রান্ত হন, যা ২০৩০ সাল নাগাদ বেড়ে ১ লাখ ১৫ হাজার ৪৮৩ জনে দাঁড়াতে পারে। স্ট্রোক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী জুলিয়েট বুভারি জানান, মস্তিষ্কের এই আঘাত মানুষের জীবন নিমেষেই বদলে দেয়, অথচ স্বাস্থ্য ব্যবস্থা শুধু জরুরি চিকিৎসার দিকেই নজর দিচ্ছে। তার মতে, স্ট্রোক পরবর্তী দীর্ঘমেয়াদী সেবার অভাবে অসংখ্য অসহায় রোগী প্রয়োজনীয় যত্ন থেকে বঞ্চিত হচ্ছেন এবং এই সেবাখাত এখন ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

সংস্থাটির হিসেবে, স্ট্রোকের কারণে যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় ২৫.৭ বিলিয়ন পাউন্ড খরচ হয়, যার মধ্যে ১৩.৭ বিলিয়ন পাউন্ডই ব্যয় হয় সোশ্যাল কেয়ার খাতে। এছাড়া রোগীদের কর্মক্ষমতা হারানো এবং স্বজনদের চাকরি ছাড়ার কারণে আরও ৬.৭ বিলিয়ন পাউন্ডের সামাজিক ক্ষতি হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্য ও সমাজসেবা বিভাগ সরাসরি কোনো মন্তব্য না করলেও এক মুখপাত্র জানিয়েছেন, আগামী দশ বছরে স্ট্রোক ও হৃদরোগে অকাল মৃত্যু এক-চতুর্থাংশে নামিয়ে আনতে এবং সেবার মান বাড়াতে এনএইচএস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

#যুক্তরাজ্য #এনএইচএস #স্বাস্থ্যসেবা #স্ট্রোক #aknews #onebanglanews