থার্মোস্ট্যাটের সামান্য পরিবর্তনেই বছরে বাঁচবে ১২০ পাউন্ড…

1

সাইফ হাসান: যুক্তরাজ্যে তীব্র শীতের পূর্বাভাসের মধ্যে হিটিং সিস্টেমে সামান্য একটি পরিবর্তন এনে বছরে ১২০ পাউন্ড পর্যন্ত সাশ্রয় করা সম্ভব। জানুয়ারিতে অফজেমের এনার্জি প্রাইস ক্যাপ প্রায় ২২ শতাংশ বাড়ার আশঙ্কায় পরিবারগুলোকে খরচ কমানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঘরের থার্মোস্ট্যাটের তাপমাত্রা মাত্র এক ডিগ্রি কমালেই ঘরের উষ্ণতা না হারিয়ে বড় অঙ্কের বিল বাঁচানো যায়। তবে সুস্বাস্থ্যের জন্য ঘরের তাপমাত্রা সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে না দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

পাবলিক হেলথ ইংল্যান্ড, এনএইচএস এবং মেট অফিসের পরামর্শ অনুযায়ী, শীতকালে দিন ও রাতে ঘরের তাপমাত্রা অন্তত ১৮ ডিগ্রি সেলসিয়াস রাখা উচিত। বিশেষ করে ৬৫ বছর বা তার বেশি বয়সীদের সুস্থ থাকতে এর চেয়ে সামান্য বেশি তাপমাত্রা প্রয়োজন হতে পারে। ঘর অন্তত ১৮ ডিগ্রিতে রাখলে সর্দি, ফ্লু ও কোভিডের পাশাপাশি নিউমোনিয়া, হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং বিষণ্ণতার মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি এড়ানো যায়।

এনার্জি সেভিং ট্রাস্ট জানিয়েছে, যাদের ঘরের হিটিং সাধারণত ২২ ডিগ্রি সেলসিয়াসে সেট করা থাকে, তারা তা কমিয়ে ২১ ডিগ্রিতে নামিয়ে আনতে পারেন। এতে গ্রেট ব্রিটেনে বছরে গড়ে ১২০ পাউন্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে ৮০ পাউন্ড পর্যন্ত এনার্জি বিল সাশ্রয় হবে। প্রয়োজনে গায়ে একটি অতিরিক্ত সোয়েটার পরে নিলে এই সামান্য তাপমাত্রা কমানোয় কোনো অস্বস্তি হবে না।

বিশেষজ্ঞদের মতে, শীত লাগলেই বারবার থার্মোস্ট্যাট না বাড়িয়ে বরং ১৮ থেকে ২১ ডিগ্রির মধ্যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় স্থির রাখা উচিত। বাইরে বেশি ঠান্ডা পড়লে থার্মোস্ট্যাট বাড়ালেও ঘর দ্রুত গরম হয় না, বরং অযথা শক্তির অপচয় হয়। তাই কখন হিটিং চালু বা বন্ধ হবে তা নিয়ন্ত্রণ করতে টাইমার বা প্রোগ্রামার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

যাদের ঘরের তাপমাত্রা আগে থেকেই ১৮ ডিগ্রিতে রাখা আছে, তারা খরচ কমাতে বিকল্প কিছু কৌশল অবলম্বন করতে পারেন। পুরো বাড়ি গরম না করে কেবল বসার ঘর বা শোবার ঘরের মতো বেশি ব্যবহৃত কক্ষগুলো গরম রাখলে বিল অনেকটাই কমে আসবে। এ ছাড়া দরজা ও জানালার ফাঁকফোকর বন্ধ রাখা এবং রেডিয়েটরের সামনে থেকে আসবাবপত্র বা পর্দা সরিয়ে রাখলে ঘরের ভেতরের তাপ বাইরে বের হতে পারে না।

#যুক্তরাজ্য #এনার্জিবিল #শীতকালীনটিপস #aknews #onebanglanews