লন্ডনে বেস্ট জার্নালিস্ট হিসেবে অ্যাওয়ার্ড লাভ করলেন সাংবাদিক তাইসির মাহমুদ

1334

ওয়ানবাংলানিউজ: লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক তাইসির মাহমুদ বিলেতের বাংলা প্রিন্ট মিডিয়ায় বেস্ট জার্নালিস্ট হিসেবে অ্যাওয়ার্ড লাভ করেছেন। গত ২৪ জুন রোববার সন্ধ্যায় লন্ডনের অভিজাত ম্যাফেয়ার ব্যানকুয়েটিং ভ্যানুতে আয়োজিত এক সাড়ম্বর অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে ইস্টউড অ্যাওয়ার্ড কমিটি তাঁকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করে। এটি ছিলো ইস্টউড অ্যাওয়ার্ডস কমিটির দ্বিতীয় অনুষ্ঠান।

বৃটেনের মূলধারা, বাংলা মিডিয়া ও বিনোদন জগতে কর্মরত ৩৫ গুণী ব্যক্তিকে তাঁদের কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এই অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে ইলেক্ট্রনিক মিডিয়ায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বেস্ট টিভি রিপোর্টার ক্যাটাগরীতে অ্যাওয়ার্ডে ভুষিত হন চ্যানেল এস এর চীফ রিপোর্টার মুহাম্মদ জুবায়ের। সেরা কলামিস্ট হিসেবে অ্যাওয়ার্ড লাভ করেন মাসিক দর্পণ সম্পাদক রহমত আলী ও বেস্ট অনলাইন টিভি প্রেজেন্টার হিসেবে অ্যাওয়ার্ড লাভ করেন সাংবাদিক এনাম চৌধুরী।

সাংবাদিক তাইসির মাহমুদ এক প্রতিক্রিয়ায় তাঁকে বেস্ট সাংবাদিক হিসেবে নির্বাচিত করায় মনোনয়নকারী, ইস্টউড অ্যাওয়ার্ডস কমিটি ও বিচারকমন্ডলীর প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কর্মের স্বীকৃতি মানুষকে কর্মক্ষেত্রে আরো নিষ্ঠাবান ও দায়িত্বশীল করে তোলে। আমি আশাবাদী, এই অ্যাওয়ার্ড আমাকে কর্মক্ষেত্রে আরো উৎসাহিত করবে এবং ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে। তিনি বলেন, দীর্ঘ ২৩ বছরের সাংবাদিকতা জীবনের এই মহূর্তে এই অর্জন আমার জন্য একটি বড় প্রাপ্তি। আমি অত্যন্ত আনন্দিত ও অভিভূত। তিনি এই অ্যাওয়ার্ড তাঁর মরহুম পিতা-মাতার স্মরণে উৎসর্গিত করেন।

উল্লেখ্য, সাংবাদিক তাইসির মাহমুদ বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রের বিভিন্ন বিভাগে ফ্রিল্যান্স লেখালেখির মধ্যদিয়ে ১৯৯৫ সালে সংবাদপত্র টেবিলে কাজ শুরু করেন। ২০০৩ সালে লন্ডন আসার পুর্ব পর্যন্ত তিনি সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় সংবাদপত্র দৈনিক জালালাবাদ এর সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন। এসময় তিনি রেডিও বাংলাদেশ সিলেট কেন্দ্রে অনুষ্ঠান গ্রন্থকার হিসেবেও দায়িত্বপালন করেন। লন্ডন আসার পর তদানিন্তন প্রভাবশালী সংবাদপত্র সাপ্তাহিক নতুন দিন-এ বার্তা সম্পাদক হিসেবে যোগদান করেন। একসময় পদোন্নতি পেয়ে নির্বাহী সম্পাদক পদে নিযুক্ত হন এবং ২০১৪ সালের জানুয়ারিতে সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক হিসেবে যোগদানের পূর্ব পর্যন্ত প্রায় ১০ বছর নতুন দিন পত্রিকায় দায়িত্ব পালন করেন। গত পাঁচ বছর যাবত তিনি একজন সফল সম্পাদক হিসেবে সাপ্তাহিক দেশ পরিচালনা করে আসছেন। এছাড়াও তিনি ইউরোপের অন্যতম একটি বৃহৎ চ্যারিটি প্রতিষ্ঠানের মিডিয়া অফিসার হিসেবে চাকরি করেন। স্থানীয় অনলাইন টেলিভিশন এলবি২৪ এর সংবাদপত্র পর্যালোচনামুলক অনুষ্ঠান ভিউজ অন টপ নিউজ এর প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক যুগান্তরে তিনি কলাম লিখেন। বিলেতের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবে বিভিন্ন মেয়াদে এসিসটেন্ট সেক্রেটারি এবং প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

জনাব তাইসির মাহমুদের দেশের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাদে ভাটাউছি গ্রামে। তিনি মরহুম আলহাজ্ব আব্দুল মতলিব ও মরহুমা হারিসুন্নেছার চতুর্থ পুত্র। স্ত্রী ফারহানা মাহমুদ ও ৩ ছেলে মেয়ে নিয়ে লন্ডনের ডেগেনহ্যামে স্থায়ীভাবে বসবাস করেন।