সাইফ হাসান: যুক্তরাজ্যের বিতর্কিত ওয়ান ইন ওয়ান আউট প্রকল্পের আওতায় ফ্রান্সে ফেরত পাঠানোর সময় আশ্রয়প্রার্থীদের ওপর অপ্রয়োজনীয় ও ভীতিকর বলপ্রয়োগ করা হয়েছে। সরকারি কারা পরিদর্শক দলের এক প্রতিবেদনে উঠে এসেছে, আত্ম*হত্যার ঝুঁকিতে থাকা এক অসহায় ব্যক্তিকেও কোমর ও হাত-পা বেঁধে বিমানে তোলা হয়েছিল। ছোট নৌকায় যুক্তরাজ্যে আসা অভিবাসীদের ফ্রান্সে ফেরত পাঠানো এবং বিনিময়ে ফ্রান্স থেকে বৈধভাবে আশ্রয়প্রার্থী আনার এই প্রক্রিয়ায় নি*র্যাতনের এমন চিত্র সামনে এল। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত ২৬টি চার্টার ফ্লাইটে অন্তত ২৬টি বলপ্রয়োগের ঘটনা নথিভুক্ত হয়েছে।
গত সোমবার প্রকাশিত এইচএম ইন্সপেক্টরেট অব প্রিজন্সের প্রতিবেদনে গত ৪ সেপ্টেম্বরের একটি বিশেষ ফ্লাইটের তিনটি ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে দেখা যায়, কোনো ধরনের বাধা না দেওয়া সত্ত্বেও শারীরিকভাবে দুর্বল এক ব্যক্তিকে হেলমেট ও দাঙ্গাবিরোধী ঢাল পরা কর্মীরা কোমর ও পা বেঁধে সেল থেকে বের করে আনেন এবং পুরো যাত্রাপথে তিনি নিস্তেজ অবস্থায় পড়ে ছিলেন। এ ছাড়া আত্মহত্যার ঝুঁকিতে থাকা আরেক ব্যক্তিকে হাত-পা বেঁধে বিমানে তোলা হয় এবং বিতাড়নে অসম্মতি জানানোয় তৃতীয় একজনের কোমরে বেল্ট পরানো হয়।
পরিদর্শকরা আরও দেখতে পান, আশ্রয়প্রার্থীদের নাম ধরে ডাকার পরিবর্তে নম্বর দিয়ে সম্বোধন করা হতো এবং ভ্যানে করে বিমানে নেওয়ার সময় প্রস্রাব করার জন্য তাদের হাতে ব্যাগ ধরিয়ে দেওয়া হয়েছিল। বডি-ওর্ন ক্যামেরার অনুবাদ যন্ত্রটি অকার্যকর থাকায় অনেকেই পর্যাপ্ত দোভাষী বা আইনজীবীর সহায়তা পাননি। এর আগে ফরাসি স্বাস্থ্য সংস্থা সামুসোশ্যাল ডি প্যারিসের প্রতিবেদনেও যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো আশ্রয়প্রার্থীদের শরীরে ও মনে সাম্প্রতিক সহিংসতা এবং দীর্ঘমেয়াদি অবমাননাকর আটকাবস্থার স্পষ্ট চিহ্ন পাওয়ার কথা জানানো হয়েছিল।
দাতব্য সংস্থা মেডিকেল জাস্টিসের পরিচালক এমা গিন এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা মানুষদের সাথে ব্রিটিশ সরকারের এই অমানবিক আচরণ অত্যন্ত লজ্জাজনক এবং এটি কোনোভাবেই অনিচ্ছাকৃত ভুল হতে পারে না। অক্টোবর মাসে এই প্রকল্পটি বন্ধ হয়ে গেলেও নভেম্বর পর্যন্ত বিতাড়নের ঘটনা অব্যাহত ছিল বলে জানা গেছে। তবে ব্রিটিশ হোম অফিসের এক মুখপাত্র দাবি করেছেন, তারা আটক ব্যক্তিদের নিরাপত্তা ও কল্যাণকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেন এবং ঝুঁকি মূল্যায়ন করেই নিরাপদে ফেরত পাঠানোর জন্য এসকর্ট নিয়োগ করা হয়।
#যুক্তরাজ্য #অভিবাসন #আশ্রয়প্রার্থী #aknews #onebanglanews















