সাইফ হাসান: যুক্তরাজ্যের প্রতিবন্ধী ভাতা বা পার্সোনাল ইন্ডিপেনডেন্স পেমেন্টের নিয়মে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। আজ প্রকাশিতব্য এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা প্রতিবেদনে গুরুতর অসুস্থ ব্যক্তিদের জন্য দ্রুততম সময়ে ভাতা প্রদানের সুপারিশ করা হয়েছে। কর্ম ও পেনশন মন্ত্রী স্যার স্টিফেন টিমস জানিয়েছেন, যাদের অবস্থা অত্যন্ত জটিল তাদের ভাতা পেতে আর বাড়তি মূল্যায়নের মুখোমুখি হতে হবে না। তবে যাদের বাড়তি জীবনযাত্রার খরচ বা সেবার প্রয়োজন নেই, তাদের সরাসরি অর্থ না দিয়ে বিকল্প সহায়তার আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে।
২০১৩ সালের এপ্রিলে চালু হওয়া পিআইপি ভাতার আওতায় বর্তমানে আবেদনকারীরা সপ্তাহে সর্বনিম্ন ৩০ দশমিক ৩০ পাউন্ড থেকে সর্বোচ্চ ১৯৪ দশমিক ৬০ পাউন্ড পর্যন্ত পেয়ে থাকেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের পর থেকে ইংল্যান্ড ও ওয়েলসে এই ভাতাপ্রাপ্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে রেকর্ড ৪৯ লাখে পৌঁছেছে। ফলে এই খাতে সরকারি ব্যয় ২০১৯-২০ অর্থবছরের ১৬ দশমিক ৩ বিলিয়ন পাউন্ড থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে ২৭ দশমিক ৩ বিলিয়ন পাউন্ডে দাঁড়িয়েছে, যা দশকের শেষে ৪১ দশমিক ৫ বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যেতে পারে।
গত সোমবার পার্লামেন্টে স্যার স্টিফেন টিমস জানান, বর্তমান ব্যবস্থাটি আর কার্যকর না থাকায় একে মানবিক রূপ দিতে প্রচলিত কাঠামোর বদলে ব্যক্তির প্রকৃত চাহিদা ও বাড়তি খরচ যাচাই করে ভাতা নির্ধারণের সুপারিশ করা হচ্ছে। গত বছর স্যার কিয়ার স্টারমারের আমলে কল্যাণ ভাতা ছাঁটাই নিয়ে এমপিদের বিদ্রোহের পর প্রতিবন্ধী অধিকার সংগঠনগুলোর সাথে মিলে এই পর্যালোচনা শুরু হয়েছিল। এদিকে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম জানিয়েছেন, কল্যাণ খাতের ব্যয় কমাতে এবং আরও বেশি মানুষকে কর্মমুখী করতে তিনি এই ব্যবস্থার সংস্কারে পিছু হটবেন না।
তবে ইনস্টিটিউট ফর ফিসক্যাল স্টাডিজ সতর্ক করে বলেছে, ভাতা আবেদনের প্রক্রিয়া সহজ করলে সুবিধাভোগীর সংখ্যা আরও বাড়তে পারে, তাই ব্যয় নিয়ন্ত্রণে যোগ্যতার শর্ত স্পষ্ট রাখা জরুরি। অন্যদিকে রেজোলিউশন ফাউন্ডেশনের লিন্ডসে জাজ মনে করেন, প্রতিবন্ধকতার কারণে যাদের কোনো বাড়তি খরচ হয় না তাদের ভাতা বন্ধ করলে বছরে প্রায় ৪ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড সাশ্রয় করা সম্ভব হবে।
#যুক্তরাজ্য #ব্রিটেন #প্রতিবন্ধীভাতা #aknews #onebanglanews















