সাইফ হাসান: নতুন জেমস বন্ড হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই অভিনেতা রবার্ট প্যাটিনসনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিমের বন্যা বইছে। এবার সেই মজার ট্রেন্ডে গা ভাসিয়ে প্যাটিনসনকে নিয়ে রসিকতা করেছে খোদ যুক্তরাজ্য সরকার। তরুণদের কর্মসংস্থান প্রকল্পের প্রচারণায় ব্রিটিশ সরকারের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্যাটিনসনের জেমস বন্ড লুকের একটি ছবি পোস্ট করা হয়েছে। মজার ছলে ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, তরুণদের জন্য তৈরি করা ৯০ হাজার চাকরির সবকটিতেই নাকি আবেদন করবেন রবার্ট প্যাটিনসন।
গত আগস্টে ঘোষিত তরুণদের চাকরির নিশ্চয়তা প্রকল্পটি তুলে ধরতেই মূলত এই ব্যতিক্রমী পথ বেছে নেয় ব্রিটিশ সরকার, যা পরবর্তীতে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনসও শেয়ার করে। শেষ মুহূর্তে অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে নতুন জিরো জিরো সেভেন হওয়ার পর থেকেই নেটিজেনরা মজা করে বলছেন, প্যাটিনসন সবার চাকরি কেড়ে নিচ্ছেন। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নয়, বরং রবার্ট প্যাটিনসনই মানুষের চাকরি খেয়ে ফেলবেন বলে তৈরি হওয়া মিমগুলোয় লাখ লাখ লাইক পড়ছে।
এই রসিকতায় যোগ দিয়েছেন অভিনেতা রালফ ফাইনেসও, যিনি নতুন হ্যারি পটার টিভি সিরিজে ভলডেমর্টের চরিত্রে কে অভিনয় করবেন এমন প্রশ্নের জবাবে মজা করে প্যাটিনসনের নাম বলেন। পাশাপাশি জেনিফার লরেন্সের সঙ্গে প্যাটিনসনের ২০২৫ সালের ভ্যানিটি ফেয়ারের একটি সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে প্যাটিনসন মজা করে বলেছিলেন, তিনি তরুণ অভিনেতাদের চাকরি কেড়ে নিতে পছন্দ করেন এবং আবারও ১৭ বছর বয়সী চরিত্রে অভিনয় করতে চান।
এদিকে জেমস বন্ডের সংক্ষিপ্ত তালিকায় শেষ মুহূর্তে যুক্ত হওয়া আরেক অভিনেতা নিকোলাস হোল্টকে নিয়েও নেটিজেনরা সহানুভূতিশীল মিম বানাচ্ছেন, কারণ এর আগে সুপারম্যান চরিত্রটিও তার হাতছাড়া হয়েছিল। সব মিলিয়ে প্যাটিনসনকে নিয়ে ব্রিটিশ সরকারের এই রসিকতামূলক প্রচারণা বেশ সফল হয়েছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত সরকারের ওই ইনস্টাগ্রাম পোস্টে এক লাখ ১৭ হাজারের বেশি লাইক এবং এক হাজার চারশোর বেশি মন্তব্য জমা পড়েছে।
#রবার্টপ্যাটিনসন #জেমসবন্ড #যুক্তরাজ্য #বিনোদনসংবাদ #aknews #onebanglanews














