ভিসা জটিলতায় এক বছর ধরে অভিভাবকহীন দুই শিশু…

47

সাইফ হাসান: যুক্তরাজ্যের হোম অফিসের একের পর এক আবেদন বাতিলের সিদ্ধান্তে গত এক বছর ধরে ঘানায় অভিভাবকহীন অবস্থায় দিন কাটাচ্ছে ১১ ও ১২ বছর বয়সী দুই শিশু। ২০১৯ সালে তাদের মা মা*রা যাওয়ার পর বর্তমানে তারা যুক্তরাজ্যে বসবাসরত বাবার কাছে আসার অপেক্ষায় রয়েছে। ভুয়া জন্মসনদ জমা দেওয়ার অভিযোগ তুলে প্রথমে তাদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে বাবার পরিচয় প্রমাণিত হলেও এবার প্রয়াত মায়ের পরিচয় নিয়ে নতুন প্রশ্ন তুলেছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

নর্দাম্পটনশায়ারের করবি এলাকার একটি প্রতিষ্ঠানে ক্লিনিং ম্যানেজার হিসেবে কর্মরত ওই ঘানাইয়ান নাগরিক ২০১৯ সালে লিভার ফেইলিউরে স্ত্রীকে হারান। এর দুই বছর পর তিনি ঘানার এক কেয়ার কর্মীকে বিয়ে করেন এবং ২০২৩ সালের ডিসেম্বরে স্কিলড ওয়ার্কার ও ডিপেন্ডেন্ট ভিসায় যুক্তরাজ্যে পাড়ি জমান। সে সময় তার দুই ছেলে ঘানার আশান্তি অঞ্চলের একটি বোর্ডিং স্কুলে আত্মীয়দের তত্ত্বাবধানে ছিল এবং ২০২৫ সালের মার্চে তাদের যুক্তরাজ্যে আনার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়।

প্রতিটি শিশুর আলাদা রেফারেন্স নম্বরসহ দুটি করে জন্মসনদ থাকায় হোম অফিস ভুয়া নথিপত্র জমা দেওয়ার অভিযোগ এনে আবেদনটি বাতিল করে এবং ওই দম্পতির ভিসা বাতিলেরও হুমকি দেয়। তবে পরিবারের আইনজীবীরা ঘানা কর্তৃপক্ষের সাক্ষ্য ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে সে দেশে জন্মের প্রথম বছর এবং পরবর্তী সময়ের জন্য দুটি আলাদা সনদ থাকার নিয়ম প্রচলিত। এরপর হোম অফিস দম্পতির ভিসা বহাল রাখলেও শিশুদের প্রয়াত মায়ের পরিচয় যথাযথভাবে প্রমাণিত হয়নি দাবি করে দ্বিতীয় আবেদনটিও নাকচ করে দেয়।

সরকারি কর্মকর্তাদের এই সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে বিচার বিভাগীয় পর্যালোচনার আবেদন করেছেন অসহায় ওই বাবা। তিনি আক্ষেপ করে বলেন, অভিবাসন নীতি কঠোর করতে গিয়ে হোম অফিস এখন মাতৃহারা ও শোকাহত দুটি অবুঝ শিশুর ওপর এর প্রভাব ফেলছে। সব শর্ত পূরণ এবং প্রয়োজনীয় প্রমাণ দেওয়ার পরও কেন সন্তানদের আবেদন বাতিল করা হচ্ছে তা তার বোধগম্য নয়।

আবেদনকারীদের আইনি প্রতিষ্ঠান রিস এডওয়ার্ডসের পরিচালক আমর আলি জানান, আগামী ১ ডিসেম্বর এই মামলার নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও গত সপ্তাহে হোম অফিস থেকে পাঠানো এক ইমেইলে আরও ১২ মাস সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। তিনি যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থাকে অদক্ষ ও বিশৃঙ্খল আখ্যা দিয়ে বলেন, এ ধরনের অযৌক্তিক সিদ্ধান্তের কারণে পরিবারগুলো দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকছে এবং মামলার খরচ বাবদ করদাতাদের অর্থ অপচয় হচ্ছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ব্রিটিশ হোম অফিস।

#যুক্তরাজ্য #হোমঅফিস #ভিসাজটিলতা #aknews #onebanglanews