টাওয়ার হ্যামলেটস বারার বেথনাল গ্রীন এলাকায় ৯৯টি নতুন বাড়ি নির্মাণ এবং নতুন আইডিয়া স্টোর ও একটি ওয়ান স্টপ শপ স্থাপনের পরিকল্পনা আরো একধাপ এগিয়ে গেছে। কাউন্সিলের ডেভেলপমেন্ট কমিটি দুটি প্রকল্পের জন্য পরিকল্পনা অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবিত ৯৯টি বাড়ির মধ্যে ৫৭টি হবে সামাজিক ভাড়া বা সোশ্যাল রেন্টের জন্য।
প্রকল্প দুটি সাবেক বেথনাল গ্রীন প্রফেশনাল ডেভেলপমেন্ট সেন্টার এবং টমলিনসন ক্লোজ এলাকায় বাস্তবায়িত হবে। এগুলো মেয়রস্ অ্যাক্সেলারেটেড হাউজিং প্রোগ্রাম-এর অংশ, যার লক্ষ্য হলো বারাজুড়ে আরও বেশি সোশ্যাল রেন্ট ও পরিবার উপযোগী ঘর–বাড়ি নির্মাণ করা।
বেথনাল গ্রীন রোডের সাবেক প্রফেশনাল ডেভেলপমেন্ট সেন্টার এলাকায় ৪৪টি নতুন বাড়ি নির্মাণ করা হবে, যার মধ্যে ২৪টি সোশ্যাল রেন্টের জন্য বরাদ্দ থাকবে। এছাড়া ঐতিহাসিক ভিক্টোরিয়ান স্কুল ভবনটি সংরক্ষণ ও সংস্কার করে সেখানে একটি নতুন আইডিয়া স্টোর এবং ওয়ান স্টপ শপ গড়ে তোলা হবে। বাসিন্দারা এখান থেকে শিক্ষা, তথ্য ও কাউন্সিলের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া শিশুদের খেলার স্থানসহ একটি সবুজ মাঠ তৈরি করা হবে।
অন্যদিকে টমলিনসন ক্লোজের দুটি ভবনের মাধ্যমে ৫৫টি নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ৩৩টি হবে সোশ্যাল রেন্টের জন্য। প্রকল্পের অংশ হিসেবে ২ থেকে ২০ নম্বর টমলিনসন ক্লোজের বিদ্যমান বাড়িগুলো পুনর্নির্মাণ করা হবে। পাশাপাশি নতুন ল্যান্ডস্কেপিং, যৌথ খোলা স্থানের উন্নয়ন এবং অ্যালটমেন্ট এলাকার পুনর্বিন্যাস করা হবে।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “টাওয়ার হ্যামলেটসের পরিবারগুলোর জন্য আরও সাশ্রয়ী মূল্যের বাড়ি প্রয়োজন। এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে সোশ্যাল রেন্টের জন্য ৫৭টি নতুন বাড়ি এবং বেথনাল গ্রীনে একটি নতুন আইডিয়া স্টোর প্রতিষ্ঠিত হবে, যা বাসিন্দাদের পড়াশোনা, শেখা এবং স্থানীয় সেবা গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে।”
ডেভেলপমেন্ট কমিটির অনুমোদন কিছু পরিকল্পনা সংক্রান্ত শর্ত ও আইনগত বাধ্যবাধকতা পূরণের ওপর নির্ভরশীল। সব প্রয়োজনীয় শর্ত পূরণ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে পরিকল্পনা অনুমোদনপত্র জারি করা হবে।















