সাইফ হাসান: কোভিড-১৯ মহামারীর শুরুতে আন্তর্জাতিক সীমান্ত নিয়ন্ত্রণে শিথিলতার কারণে যুক্তরাজ্য চরম ঝুঁকির মুখে পড়েছিল বলে এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। তদন্ত কমিটির প্রধান হিদার হ্যালেট জানিয়েছেন, দ্রুত টেস্ট এবং ট্রেস ব্যবস্থা চালু করতে ব্যর্থ হওয়ায় সারা দেশে ভাইরাসটি অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ে। ইংল্যান্ডে এনএইচএসের এই ব্যবস্থায় ২৫ বিলিয়ন পাউন্ডের বেশি খরচ হলেও তা খুব দেরিতে এবং চড়া মূল্যে এসেছিল। এই প্রতিবেদনের পর মহামারীতে স্বজন হারানো পরিবারগুলো তৎকালীন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ও অযোগ্যতার অভিযোগ তুলেছে। এমনকি ভবিষ্যতে নতুন কোনো মহামারী দেখা দিলে যুক্তরাজ্য এখনো তা মোকাবিলায় চরমভাবে অপ্রস্তুত বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
কোভিড-১৯ তদন্ত কমিশনের প্রকাশিত ২৪০ পৃষ্ঠার এই সপ্তম প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের এপ্রিলের মধ্যে বিশ্বের ৯৩ শতাংশ দেশ ফ্লাইট স্থগিত ও ভ্রমণ নিষেধাজ্ঞা দিলেও যুক্তরাজ্য শুধু চীনের উহানসহ উচ্চঝুঁকির এলাকা থেকে আসা যাত্রীদের সেলফ-আইসোলেশনে থাকার অনুরোধ করেছিল। এই দুর্বল নীতির কারণে ২০২০ সালের ফেব্রুয়ারিতে উহান থেকে আসা একদল পর্যটক অবাধে ইংল্যান্ডে প্রবেশ করে স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে ভ্রমণ করতে পেরেছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাজ্যে যখন মাত্র ৯ জন রোগী শনাক্ত হয়েছিল, সেই ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার উপযুক্ত সময় ছিল।
৪১ জন সাক্ষীর জবানবন্দি এবং ২৩ হাজারের বেশি নথির ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে হিদার হ্যালেট বলেন, বছরের পর বছর জনস্বাস্থ্য জরুরি অবস্থার প্রস্তুতি থাকা সত্ত্বেও মহামারীর সময় সরকারকে কার্যত শূন্য থেকে টেস্ট ও ট্রেস ব্যবস্থা তৈরি করতে হয়েছে। এর ফলে সিদ্ধান্ত গ্রহণকারীরা সংক্রমণের ভয়াবহতা সম্পর্কে অন্ধকারে ছিলেন এবং জুন মাস পর্যন্ত সীমান্তে কার্যকর কোনো বিধিনিষেধ ছিল না। এর আগের প্রতিবেদনগুলোতেও হ্যালেট জানিয়েছিলেন, সরকারের ব্যর্থতায় কেয়ার হোমগুলোতে ভাইরাস দাবানলের মতো ছড়িয়েছিল এবং এক সপ্তাহ আগে লকডাউন দিলে ২০ হাজারের বেশি প্রাণ বাঁচানো যেত।
এদিকে কোভিড-১৯ বিরিভড ফ্যামিলিজ ফর জাস্টিস গ্রুপ ক্ষোভ প্রকাশ করে বলেছে, ২০২০ সালের ৩ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন দাবি করেছিলেন ব্রিটেনের চমৎকার টেস্টিং ব্যবস্থা রয়েছে, যা ছিল সম্পূর্ণ মিথ্যা। এর মাত্র নয় দিন পরই সরকার কমিউনিটি টেস্টিং বন্ধ করে দেয় বলে অভিযোগ করে তারা দায়ীদের সব রাষ্ট্রীয় সম্মাননা কেড়ে নেওয়ার দাবি জানিয়েছে।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান ম্যাকনালি তদন্ত কমিটিকে সতর্ক করে বলেছেন, অদূর ভবিষ্যতে আরেকটি মহামারী এলে পরীক্ষা করার ক্ষেত্রে যুক্তরাজ্য ২০২০ সালের শুরুর অবস্থাতেই থাকবে। ভুক্তভোগী পরিবারগুলোর সংগঠনও জানিয়েছে, কোভিডের সময় তৈরি ল্যাবগুলো বন্ধ করে সরঞ্জাম বিক্রি করে দেওয়া হয়েছে, তাই আরেকটি মহামারীর জন্য অপেক্ষা না করে এখনই স্থায়ী টেস্টিং নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি।
#যুক্তরাজ্য #কোভিডতদন্ত #আন্তর্জাতিকসংবাদ #aknews #onebanglanews














