সাইফ হাসান: আগামী দশ বছরের মধ্যে ছুরি দিয়ে সংঘটিত অপ*রাধ অর্ধেকে নামিয়ে আনতে বিশ্বের প্রথম লাইসেন্স ব্যবস্থা চালু করতে যাচ্ছে যুক্তরাজ্য। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ রান্নাঘরের ছুরি থেকে শুরু করে চাপাতি বিক্রির ক্ষেত্রেও ব্যবসায়ী ও ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে এই লাইসেন্স নিতে হবে। মূলত শিশু ও অপ*রাধীদের হাতে অবৈ*ধভাবে বিপজ্জনক অ*স্ত্র পৌঁছানো ঠেকাতেই এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই নিয়ম অমান্য করে লাইসেন্স ছাড়া ছুরি বিক্রি করলে বিক্রেতাদের বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। পাশাপাশি কারাগার থেকে মুক্তির আগেই হাজার হাজার অপ*রাধীকে ইলেকট্রনিক ট্যাগ পরানোর নতুন পরিকল্পনার কথাও ঘোষণা করেছে সরকার।
ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, প্রতিটি বিক্রয় লাইসেন্সের মেয়াদ থাকবে তিন বছর এবং এজন্য বিক্রেতাদের পুলিশি ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। বিদেশি বিক্রেতাদের ক্ষেত্রে যুক্তরাজ্যভিত্তিক একজন মধ্যস্থতাকারী নিয়োগ করা বাধ্যতামূলক করা হয়েছে, আর চেইন শপগুলোর প্রতিটি শাখার জন্য আলাদা লাইসেন্স নিতে হবে। পুলিশিং মন্ত্রী সারাহ জোনস জানিয়েছেন, যারা ছুরি বিক্রি করে ব্যবসা করেন, সেগুলো নিরাপদ ও বৈধভাবে বিক্রি হচ্ছে কি না তা নিশ্চিত করার দায়িত্বও তাদেরই নিতে হবে।
২০২৫ সালের ডিসেম্বরে সাউথপোর্টে তিন শিশু হত্যাকাণ্ডের পর শুরু হওয়া জনমতের ভিত্তিতে এই আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়, যেখানে হামলাকারী অ্যামাজন থেকে একটি বড় রান্নাঘরের ছুরি কিনেছিল। ওই হামলায় আহত লিয়ান লুকাস এবং উলভারহ্যাম্পটনে তলোয়ারের আঘাতে নিহত ১৬ বছর বয়সী রোনান কান্দার মা পূজা কান্দা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পূজা কান্দা বলেন, যারা বিপজ্জনক অস্ত্র বিক্রি করেন, সেগুলো কোথায় এবং কার হাতে যাচ্ছে সেই দায় তাদের অবশ্যই নিতে হবে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছরে যুক্তরাজ্যে ছুরি সংক্রান্ত ৪৮ হাজার ৬১৫টি অপরাধ নথিভুক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ কম হলেও ২০১৬ সালের তুলনায় ৪৯ শতাংশ বেশি। তবে প্রাচীন নিদর্শন সংগ্রাহক ও কারুশিল্পীদের দাবির মুখে ঐতিহ্যবাহী সামগ্রীর ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। এ ছাড়া কারাগারের ভিড় কমাতে আগাম মুক্তি পাওয়া দাগি অপরাধীদের নজরদারিতে রাখতে আগামী মার্চের মধ্যে আরও ৮৩টি কারাগারে মুক্তির আগেই শরীরে ইলেকট্রনিক ট্যাগ লাগানোর ব্যবস্থা চালু করা হবে।
#যুক্তরাজ্য #ব্রিটিশসরকার #আন্তর্জাতিকসংবাদ #aknews #onebanglanews















