লন্ডনে টিউব ট্রেন চালকদের ধর্মঘট, বিপাকে পড়বেন লাখো যাত্রী…

26

সাইফ হাসান: সপ্তাহে চার দিন কাজের নতুন নিয়ম নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ায় লন্ডনে ২৪ ঘণ্টার ধর্মঘটে যাচ্ছেন আন্ডারগ্রাউন্ড টিউব চালকরা। রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ইউনিয়নের (আরএমটি) ডাকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে এই কর্মবিরতি শুরু হবে। ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) জানিয়েছে, ধর্মঘটের কারণে পুরো নেটওয়ার্কেই ট্রেন চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটবে এবং রাত ৯টার পর কোনো টিউব চলবে না। তবে এলিজাবেথ লাইন, ডিএলআর, লন্ডন ওভারগ্রাউন্ড এবং বাস ও ট্রাম সেবা স্বাভাবিক থাকবে। শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকে টিউব চলাচল আবার স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।

টিএফএলের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই ট্রেন চলাচল কমতে শুরু করবে এবং সারা দিন সার্কেল ও পিকাডিলি লাইনে কোনো সেবা থাকবে না। এ ছাড়া দুপুর ১২টার পর থেকে ওয়াটারলু অ্যান্ড সিটি লাইনও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। শুক্রবার সকাল ৭টার দিকে কিছু লাইনে ট্রেন চালু হলেও দুপুর পর্যন্ত সব লাইনেই ভোগান্তি থাকবে, যা সন্ধ্যা নাগাদ কাটবে বলে আশা করা হচ্ছে।

ধর্মঘটের কারণে হিথ্রো বিমানবন্দরগামী যাত্রীদের বাড়তি সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ, কারণ বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার পর্যন্ত বিমানবন্দরে পিকাডিলি লাইনের কোনো ট্রেন চলবে না। যাত্রীদের বিকল্প হিসেবে এলিজাবেথ লাইন, হিথ্রো এক্সপ্রেস বা স্থানীয় বাস ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। একইভাবে উত্তর লন্ডনের হাসপাতালগুলোতে যাতায়াতকারীদের আগেভাগে পরিকল্পনা করে বের হওয়ার আহ্বান জানিয়েছে রয়্যাল ফ্রি লন্ডন কর্তৃপক্ষ।

মূলত ঐচ্ছিক ভিত্তিতে সপ্তাহে চার দিন কাজের প্রস্তাব নিয়ে মালিকপক্ষ ও ইউনিয়নের মধ্যে এই বিরোধ তৈরি হয়েছে। আরএমটি ইউনিয়নের দাবি, নতুন এই পরিকল্পনায় চালকদের দীর্ঘ সময় ডিউটি করতে হবে এবং ছুটি ও বদলির অধিকার ক্ষুণ্ন হবে। অন্যদিকে লন্ডন আন্ডারগ্রাউন্ডের কর্মকর্তা নিক ডেন্ট জানিয়েছেন, চালকদের পছন্দমতো চার বা পাঁচ দিন কাজের সুযোগ রাখা হয়েছে এবং ইউনিয়নের অধিকাংশ উদ্বেগই সমাধান করা হয়েছে। উল্লেখ্য, দাবি আদায় না হলে আগামী ডিসেম্বর থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আরও সাত দফা ধর্মঘটের ঘোষণা দিয়ে রেখেছে ইউনিয়ন।

#লন্ডনটিউব #ধর্মঘট #যুক্তরাজ্য #aknews #onebanglanews