সাইফ হাসান: ইংল্যান্ডের লিভারপুলে এক কেয়ার হোম কর্মীকে কিশোরকে মাদক সরবরাহ ও যৌন কার্যকলাপে প্ররোচিত করার দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৪ বছর বয়সী লিন্ডি লিয়া কেটামিন ও গাঁজা সরবরাহের পাশাপাশি এক কিশোরের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান। লিভারপুল ক্রাউন কোর্ট তাকে ২৩ মাসের কারাদণ্ড দিয়েছে।
আদালতে জানা যায়, লিয়া সেন্ট হেলেন্সের লিংমেল অ্যাভিনিউতে একটি বেসরকারি কেয়ার হোমের সহকারী ব্যবস্থাপক ছিলেন। পুলিশের মাদক তদন্তে তার ফোন জব্দ করার পরই এ অপরাধগুলো প্রকাশ্যে আসে। তিনি মাদক সরবরাহের অভিযোগ স্বীকার করলেও কিশোরকে যৌন কার্যকলাপে উসকে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছিলেন।
পুলিশ জানিয়েছে, লিয়া ও তার সহকর্মী মরগান কুইগলি কেয়ার হোমের বাইরে ওই কিশোর ও আরও কিছু তরুণকে মাদক সরবরাহ করতেন। কুইগলি কেবল কেটামিন সরবরাহের অভিযোগ স্বীকার করে এক বছরের কমিউনিটি অর্ডার ও মানসিক স্বাস্থ্য চিকিৎসার শর্তে মুক্তি পেয়েছেন।
ডিটেকটিভ ইন্সপেক্টর টনি মিকিনস বলেন, লিয়া কিশোরকে সুরক্ষা দেওয়ার বদলে তাকে শোষণ করেছেন, যা একেবারেই ভয়াবহ অপরাধ। তার মতে, এমন ঘটনায় ভুক্তভোগীর ওপর দীর্ঘমেয়াদি প্রভাব থেকে যায়। তিনি আশা প্রকাশ করেন, এই সাজা ভুক্তভোগী ও তার পরিবারের জন্য অন্তত কিছুটা সান্ত্বনা বয়ে আনবে।















