সাইফ হাসান: ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারের কিংস ল্যাংলেতে এক নার্সারির নারী কর্মীর বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। ২০ বছর বয়সী জারা ল্যাঙ্কাশায়ারকে সোমবার গ্রেপ্তার করা হয় এবং বুধবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। তাকে শিশু নির্যাতন, অশ্লীল ছবি তৈরি ও ছড়িয়ে দেওয়ার একাধিক অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট নার্সারির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
হার্টফোর্ডশায়ার পুলিশ জানিয়েছে, জারার বিরুদ্ধে একটি যৌন নিপীড়নের অভিযোগ ছাড়াও শিশুদের অশ্লীল ছবি তৈরি ও বিতরণের তিনটি অভিযোগ রয়েছে। পাশাপাশি চ্যাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে অশ্লীল কনটেন্ট প্রকাশের চারটি অভিযোগ আনা হয়েছে।
ফ্লাওয়ার পটস ডে নার্সারি কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে এবং শিশু সুরক্ষা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কিংস ল্যাংলের শাখার রেজিস্ট্রেশন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছে অফস্টেড। এ সময় শিশুদের অন্য একটি শাখায় স্থানান্তর করা হয়েছে, যেখানে জারা কখনও কাজ করেননি বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বুধবার হ্যাটফিল্ড ম্যাজিস্ট্রেট আদালতে জারাকে হাজির করা হয়। আগামী ১৫ অক্টোবর তার মামলার শুনানি হবে সেন্ট অ্যালবান্স ক্রাউন কোর্টে। নার্সারি কর্তৃপক্ষ অভিভাবকদের আশ্বস্ত করেছে যে, তাদের শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে।















