সাইফ হাসান: ইংল্যান্ডের গ্লুচেস্টারে ছুরি হাতে থাকা এক ব্যক্তিকে আটকাতে গিয়ে পুলিশ সদস্য নিজেই গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার সিলভারস্টোন ওয়াকে এ ঘটনা ঘটে। আহত কর্মকর্তা হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে তার জীবন ঝুঁকিতে নেই। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারণা, তিনি স্থানীয় এক ট্যাক্সিচালককে ছুরি দেখিয়ে লুট করেছিলেন।
ঘটনার সময় অস্ত্রধারী ওই ব্যক্তি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেন। এ সময় পুলিশের গুলিতে কর্মকর্তা পায়ে আঘাত পান। গ্লুচেস্টারশায়ার কনস্ট্যাবুলারি জানিয়েছে, তদন্ত চলমান থাকায় এখনো কার হাতে থেকে গুলি ছুটেছে তা পরিষ্কার নয়।
অস্থায়ী পুলিশ প্রধান ম্যাগি ব্লাইথ বলেন, আহত কর্মকর্তার প্রতি তার সহমর্মিতা রয়েছে। তিনি বলেন, জননিরাপত্তার জন্য ঝুঁকি নেওয়ার মতো সাহসিকতার পরিচয় দিয়েছেন কর্মকর্তারা।
ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স, ক্রিটিক্যাল কেয়ার গাড়ি ও জরুরি সাড়া দল ঘটনাস্থলে পৌঁছায়। আহত পুলিশ সদস্যকে সাউথমিড হাসপাতালে নেওয়া হয়। গ্লুচেস্টারশায়ার পুলিশ ফেডারেশনের সচিব ইয়ান হোয়াইট দ্রুত আরোগ্য কামনা করে বলেন, পুলিশরা সবসময় কঠিন ও ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করে।
ঘটনার পর পুরো এলাকা ঘিরে তদন্ত চলছে এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন রয়েছে। স্বাধীন পুলিশ আচরণ দপ্তরকে (আইওপিসি) ঘটনাটি অবহিত করা হয়েছে।















