ভারত ফেরত সন্ত্রাসীকর্তৃক আখাউড়া যুবদলের উপর সশস্ত্র হামলা: আহত ২৫

1111

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : স্বৈরাচার সরকারের অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের সন্ত্রাসী বাহিনীর অন্যতম ক্যাডার গণঅভ্যুত্থানের পর ভারতের পলাতক আওয়ামী সন্ত্রাসী সাবেক কাউন্সিলর সুজন মিয়ার নেতৃত্বে আখাউড়া উপজেলা যুবদলের মিছিলের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। ৩ সেপ্টেম্বর নানা ধরনের আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে ভারত ফেরত এই সন্ত্রাসী বাহিনীর হামলায় যুবদল নেতাদের উদ্দেশ্য করে সরাসরি গুলি করা হয়। সেইসাথে রেলিতে অংশগ্রহণকারীদের ধারালো অস্ত্র দিয়ে কোপায়।

আনিসুল হকের সন্ত্রাসী বাহিনীর অন্যতম ক্যাডার গণঅভ্যুত্থানের পর ভারতের পলাতক আওয়ামী সন্ত্রাসী সাবেক কাউন্সিলর সুজন মিয়ার নেতৃত্বে এই সন্ত্রাসী হামলা হয়

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আখাউড়া উপজেলা যুবদল সাবেক মায়াবী সিনেমা হলের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিলটি নাইন স্টার হোটেলের সামনে দিয়ে ক্রস করার সময় ভারত ফেরত সন্ত্রাসী সুজন মিয়া ২০-২৫ জন ক্যাডার নিয়ে অতর্কিত হামলা চালায়। এর তাৎক্ষণিক প্রতিবাদের আখাউড়া রেলস্টেশন চত্বরে প্রতিবাদ সমাবেশ করে আখাউড়া উপজেলা যুবদল। সেখানে আবারো হামলা চালায় সন্ত্রাসী সুজন ও তার বাহিনী। রেল স্টেশন চত্বরে যুবদল নেতৃবৃন্দ কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও আগ্নেয়াস্ত্র সুসজ্জিত সন্ত্রাসীরা যুবদল নেতাদের উদ্দেশ্য করে সরাসরি গুলি ছোড়ে। এবং নাশকতামূলক বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে ও আঘাত করে। এই সময় মারাত্মক আহত হন আখাউড়া উপজেলা যুবদলের সেক্রেটারি মহসিন ভূঁইয়া, উপজেলা যুবদল সভাপতি জাকির হোসেন, ধরখার ইউনিয়ন যুবদলের নেতা ছতুরা শরীফের সামছুল আলম ভূইয়া, যুবদল নেতা মাহবুব আলম চৌধুরী, সালেক খন্দকার, মনির হোসেন মুন্না, ইউসুফ মিয়া, ধানু মিয়াসহ প্রায় ২৫ জন। আহতদের আখাউড়া উপজেলা হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত যুবদল নেতা মহসিন ভুঁইয়া জানান, যারা হামলা চালিয়েছে তাদেরকে আমরা ভারতে পলাতক হিসেবেই জানি। সম্প্রতি প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযান শিথিল হয়ে যাওয়ায় গোপনে সশস্ত্র হয়ে তারা ভারত থেকে আখাউড়া প্রবেশ করেছে। অতর্কিত হামলার মাধ্যমে তাদের সন্ত্রাসবাদকে তারা জানান দিয়েছে। প্রশাসন ও যৌথ বাহিনীর প্রতি আমাদের নিবেদন থাকবে দ্রুত অভিযান পরিচালনা করে ভারত ফেরত এসব সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করুন। আখাউড়া ও কসবাকে সন্ত্রাস ও মাদক মুক্ত করুন।