ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে ভ্যাকসিন ডেমেজ পেমেন্ট স্কিম নামে একটি নিয়ম চালু আছে। ৪২ বছর আগে একটি আইন প্রণয়নের পর এই স্কিম চালু হয়। ভ্যাকসিন গ্রহণের পর তাদের দৈহিক ক্ষতি হয়, তাঁরা এই স্কিমের আওতায় সর্বোচ্চ ১২০ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দাবি করতে পারেন। কিন্তু আক্রান্ত ব্যাক্তিকে প্রমাণ করতে হবে, ভ্যাকসিন গ্রহণের কারণে তিনি ৬০ ভাগ বিকলাঙ্গ হয়ে গেছেন।
ইয়র্কশায়ারের রদারহামের এই মহিলার নাম ক্যারি হার্ট। গত বছরের এই সময়ে তিনি শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ ও সবল ছিলেন। গত এপ্রিল মাসে করোনাভাইরাসের টিকা অক্সফোর্ড এসট্রাজেনেকার প্রথম ডোজ গ্রহণ করার পর তাঁর দেহে রক্ত জমাট বেঁধে যায়। এরপর তাঁর মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার হয় এবং তিনি স্ট্রোক করেন। এখন তিনি ডিজেবল্ড। ভ্যাকসিনের এমন প্রতিক্রিয়া অত্যন্ত বিরল।
স্বামী পেট এর ওপর এখন সবকিছুর জন্য নির্ভর করতে হয় ক্যারিকে।
প্যারালাইজড হয়ে যাওয়ার কারণে ক্যারিকে এখন ঘরের ভেতরে চলাফেরা করার আগে বিশেষভাবে তৈরি করা একটি হেলমেট পরিধান করে নিতে হয়।
স্বামী-স্ত্রী কেউই এখন কাজে যেতে পারেন না। ফলে তাদের তীব্র আর্থিক সমস্যায় পড়তে হয়েছে। ভ্যাকসিন ডেমেজ পেমেন্ট এর কথা জানতে পেরে তাঁরা আবেদন করেছেন। কিন্তু আবেদন করার পর ছয় মাস পেরিয়ে গেলেও আবেদনের কোনো উত্তর তাঁরা এখনও পাননি।
এ বিষয়ে সরকারের প্রতিনিধির সাক্ষাতকার চেয়েছিল বিবিসি। কিন্তু ডিপার্টমেন্ট ফর হেলথ এন্ড সোশ্যাল কেয়ার একটি বিবৃতি পাঠিয়েছে বিবিসির কাছে। এতে বলা হয়েছে, সুনির্দিষ্ট কোনো ব্যাক্তির বিষয়ে তাঁরা মতামত দিতে পারেন না। বিবৃতিতে আরও বলা হয়েছে, টিকার গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার ঘটনা অত্যন্ত বিরল। ব্রিটেনে যেসব ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে, সেগুলোর প্রত্যেকটি কঠিন ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্য দিয়ে অনুমোদিত হয়। এসব টিকাকে মান নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের প্রক্রিয়া অতিক্রম করে অনুমোদন পেতে হয়েছে।
ক্যারি এবং পেট উভয়ে বিশ্বাস করেন, জনগণের টিকা গ্রহণে এগিয়ে আসা উচিত। তবে তাদেরকে এর ঝুঁকি সম্পর্কে অবশ্যই জানাতে হবে। আর টিকা গ্রহণ কিংবা গ্রহণ না করার ক্ষেত্রে জনগণকে সব সময়ই নিজেদের পছন্দকে প্রাধান্য দেয়ার সুযোগ দিতে হবে।















