লন্ডনে ঘোড়ার গাড়ির ধাক্কায় ই-বাইক চালক নিহত,চালক গ্রেপ্তার

52

সাইফ হাসান: লন্ডনের চিংফোর্ডে ঘোড়ার গাড়ির সাথে এক ই-বাইক চালকের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ৪৬ বছর বয়সী ওই ব্যক্তি বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থলেই মা\রা গেছে। এই ঘটনায় ২৫ বছর বয়সী ঘোড়ার গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে অভিযুক্ত চালক পুলিশি হেফাজতে রয়েছেন এবং তদন্ত চলছে। নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছে মেট্রোপলিটন পুলিশ।

পূর্ব লন্ডনের চিংফোর্ড এলাকার ফলি লেনে গত বুধবার সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। একটি ই-বাইক এবং ঘোড়ার গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ৪৬ বছর বয়সী ওই ব্যক্তি গুরুতর আঘাত পান।

খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সেখানেই ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে যে নিহতের পরিবারকে বিশেষায়িত কর্মকর্তাদের মাধ্যমে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

পুলিশ এই ঘটনায় জড়িত ঘোড়ার গাড়ির ২৫ বছর বয়সী চালককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

সিরিয়াস কলিশন ইনভেস্টিগেশন ইউনিটের গোয়েন্দা ফায়ে কুক একে একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে বর্ণনা করেছেন। তিনি এলাকাটির কোনো সিসিটিভি ফুটেজ বা ড্যাশক্যাম ভিডিও থাকলে তা পুলিশের কাছে জমা দেওয়ার জন্য প্রত্যক্ষদর্শীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

#লন্ডন #দুর্ঘটনা #গ্রেপ্তার #aknews #onebanglanews