২০২৭ সালে যুক্তরাজ্যে কোন বেনিফিট কত পাউন্ড করে বাড়ছে ?

70

সাইফ হাসান: আগামী বছরের এপ্রিল থেকে যুক্তরাজ্যে সরকারি ভাতা ও পেনশনের পরিমাণ বাড়তে যাচ্ছে। ২০২৭-২৮ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই নতুন হারের তালিকা প্রকাশ করেছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস বা ডিডব্লিউপি। নতুন পরিকল্পনা অনুযায়ী বেশিরভাগ ভাতা প্রায় ৩ দশমিক ৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে। এর ফলে ইউনিভার্সাল ক্রেডিট, স্টেট পেনশন এবং পিআইপিসহ বিভিন্ন খাতের লাখ লাখ ব্রিটিশ নাগরিক আর্থিকভাবে লাভবান হবেন।

গত ১১ নভেম্বর প্রকাশিত ডিডব্লিউপির তালিকা অনুযায়ী, পূর্ণাঙ্গ নতুন স্টেট পেনশন সপ্তাহে ২৪১ দশমিক ৩০ পাউন্ড থেকে বেড়ে ২৫০ দশমিক ৭০ পাউন্ড হবে। পাশাপাশি কেয়ারার্স অ্যালাউন্স ৮৬ দশমিক ৪৫ পাউন্ড থেকে বেড়ে ৮৯ দশমিক ৫০ পাউন্ড এবং সাপ্তাহিক উপার্জনের সীমা ২০৪ পাউন্ড থেকে বাড়িয়ে ২১২ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ২৫ বছর বা তার বেশি বয়সী একক ইউনিভার্সাল ক্রেডিট গ্রহীতাদের মাসিক সাধারণ ভাতা ১৮ দশমিক ৩১ পাউন্ড এবং দম্পতিদের ক্ষেত্রে ২৮ দশমিক ৭৪ পাউন্ড বাড়ানো হচ্ছে।

প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিদের জন্য পার্সোনাল ইন্ডিপেনডেন্স পেমেন্ট বা পিআইপির দৈনন্দিন জীবনযাত্রার উচ্চতর হার সপ্তাহে ১১৪ দশমিক ৬০ পাউন্ড থেকে বেড়ে ১১৮ দশমিক ৬০ পাউন্ড হচ্ছে। একইভাবে অ্যাটেনডেন্স অ্যালাউন্স এবং ডিজঅ্যাবিলিটি লিভিং অ্যালাউন্সের সর্বোচ্চ হারও ১১৮ দশমিক ৬০ পাউন্ডে উন্নীত করা হবে। এছাড়া পেনশন ক্রেডিটের একক ন্যূনতম গ্যারান্টি ২৩৮ পাউন্ড থেকে বেড়ে ২৪৭ দশমিক ৩০ পাউন্ড এবং দম্পতিদের ক্ষেত্রে ৩৭৭ দশমিক ৪০ পাউন্ড হতে যাচ্ছে।

কর্মজীবীদের জন্য স্ট্যাচুটরি সিক পে সপ্তাহে ১২৩ দশমিক ২৫ পাউন্ড থেকে বেড়ে ১২৭ দশমিক ৫৫ পাউন্ড এবং মাতৃত্বকালীন ভাতা ১৯৪ দশমিক ৩২ পাউন্ড থেকে বেড়ে ২০১ দশমিক ১১ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। তবে অধিকাংশ ভাতা বাড়লেও বেনিফিট ক্যাপ এবং ইউনিভার্সাল ক্রেডিটের ১৬ হাজার পাউন্ডের সর্বোচ্চ মূলধন সীমা অপরিবর্তিত রাখা হয়েছে।

#যুক্তরাজ্য #ব্রিটেন #সরকারিভাতা #aknews #onebanglanews