স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডে বরফ জমার আশঙ্কা…

27

সাইফ হাসান: তীব্র ঠান্ডা, বরফ এবং সম্ভাব্য তুষারপাতের কারণে স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডের বিভিন্ন অংশে আবহাওয়া ও স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত মধ্য ও পূর্ব স্কটল্যান্ডে বরফ জমার হলুদ সতর্কতা বলবৎ থাকবে। অন্যদিকে, উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব ইংল্যান্ড এবং ইয়র্কশায়ার ও হাম্বার অঞ্চলে স্বাস্থ্যসেবার ওপর চাপ বাড়ার আশঙ্কায় হলুদ স্বাস্থ্য সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা। তীব্র এই শীতে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ খেয়াল রাখার পাশাপাশি প্রতিবেশীদের খোঁজ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার রাতে সাফোকের স্যান্টন ডাউনহামে যুক্তরাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিনে উত্তর ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বরফাচ্ছন্ন রাস্তায় চলাচলের সময় পিছলে পড়ার ঝুঁকি থাকায় সাধারণ মানুষকে সতর্ক হয়ে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে।

মেট অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড্যান স্ট্রাউড জানান, উত্তর দিক থেকে আসা ঠান্ডা বাতাস এবং দীর্ঘ রাতের কারণে তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেও সপ্তাহান্তে উত্তরাঞ্চলে আবারও তীব্র শীত ও তুষারপাত ফিরে আসতে পারে। শুক্রবার নাগাদ উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে।

যুক্তরাজ্য স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার জনস্বাস্থ্য পরামর্শক পল কোলম্যান বলেন, মৌসুমের এই তীব্র শীতে ৬৫ বছর বা তার বেশি বয়সী এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের স্বাস্থ্যঝুঁকি সবচেয়ে বেশি। এই অবস্থায় স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতে চাপ বাড়তে পারে বলে সংস্থাটি সতর্ক করেছে। তিনি সবাইকে ঘরের সবচেয়ে বেশি ব্যবহৃত কক্ষগুলো উষ্ণ রাখার এবং শীতের পোশাক পরার পরামর্শ দিয়েছেন।

#আবহাওয়া #শৈত্যপ্রবাহ #যুক্তরাজ্য #aknews #onebanglanews