সাইবার হা*মলা ও জলবায়ু বিপর্যয়ে বড় ঝুঁকিতে ব্রিটেন…

1

সাইফ হাসান: সাইবার হা*মলা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড এবং জলবায়ু পরিবর্তনের মতো বহুমুখী সংকটের মুখে যুক্তরাজ্য চরম ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে দেশটির পার্লামেন্টারি কমিটি। লর্ডস ন্যাশনাল রেজিলিয়েন্স কমিটির এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য বড় বিপর্যয় মোকাবিলায় বর্তমান সরকারের প্রস্তুতি অত্যন্ত অপ্রতুল এবং মন্ত্রীরা এ বিষয়ে উদাসীন। সরকার সম্প্রতি জনসচেতনতামূলক প্রচারণা শুরু করলেও সমুদ্রের তলদেশের কেবল কাটা বা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মতো বড় হুমকি সম্পর্কে সাধারণ মানুষ এখনো অন্ধকারে রয়েছে। জরুরি অবস্থা মোকাবিলায় দ্রুত নতুন এবং সমন্বিত জাতীয় কৌশল গ্রহণের আহ্বান জানানো হয়েছে এই প্রতিবেদনে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে যুক্তরাজ্যের বর্তমান জরুরি পরিকল্পনাগুলো অনেক পুরোনো এবং কেবল একটি নির্দিষ্ট সমস্যা সামলানোর উপযোগী, যা একই সঙ্গে একাধিক সংকট বা পলিক্রাইসিস মোকাবিলায় ব্যর্থ হতে পারে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ফলে সাইবার হামলার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। এছাড়া দেশের ওষুধ ও খাদ্য সরবরাহ ব্যবস্থা অত্যন্ত কেন্দ্রীভূত এবং বিদেশনির্ভর হওয়ায় যেকোনো বৈশ্বিক অস্থিরতায় বড় ধরনের সংকট তৈরি হতে পারে। বর্তমানে পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিকের মূল উপাদানের প্রায় ৯০ শতাংশই চীন থেকে আসে এবং দেশের খুচরা খাদ্যের ৯৫ শতাংশ মাত্র ৯টি কোম্পানির মাধ্যমে সরবরাহ করা হয়।

সংকট মোকাবিলায় কমিটি বেশ কিছু জরুরি সুপারিশ পেশ করেছে, যার মধ্যে রয়েছে আগামী ছয় মাসের মধ্যে জাতীয় স্থিতিস্থাপকতা কৌশল প্রণয়ন এবং এর জন্য একজন আলাদা মন্ত্রিপরিষদ সদস্য নিয়োগ দেওয়া। ডেনমার্ক ও সুইডেনের আদলে জরুরি অবস্থায় করণীয় সম্পর্কে দেশের প্রতিটি পরিবারে একটি করে নির্দেশিকা পুস্তিকা পাঠানোর পরামর্শও দেওয়া হয়েছে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ডিজিটাল টেরেস্ট্রিয়াল টিভি সিগন্যাল বন্ধের পরিকল্পনা আপাতত স্থগিত রাখা এবং স্বেচ্ছাসেবকদের একটি জাতীয় তালিকা তৈরির কথা বলা হয়েছে।

কমিটির চেয়ারম্যান জিন কাসিন্স বলেন, ঝুঁকির বিষয়গুলো জনগণের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে মন্ত্রীদের সংকোচ করা উচিত নয়, কারণ সঠিক তথ্য মানুষকে আতঙ্কিত না করে বরং প্রস্তুত হতে সাহায্য করে। অন্যদিকে মন্ত্রিপরিষদ কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, সরকার সুপারিশগুলো গুরুত্বের সাথে পর্যালোচনা করবে। ইতিমধ্যে মহামারি নিরাপত্তায় এক বিলিয়ন পাউন্ডের বেশি বিনিয়োগ এবং আগামী বছর ইতিহাসের বৃহত্তম অভ্যন্তরীণ প্রতিরক্ষা মহড়া চালানোর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

#যুক্তরাজ্য #সংকট #নিরাপত্তা #aknews #onebanglanews