খেলাধুলা ডেস্ক: ইতিহাস গড়া হলো না ঢাকা আবাহনীর। আজ বুধবার এএফসি কাপের ইন্টার-জোন সেমিফাইনাল প্লে-অফের ফিরতি লেগে উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টি ফাইভের কাছে ২-০ গোলে হেরে গেছে আবাহনী। তাতে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে স্বপ্ন ভঙ্গ হলো ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির।
বাংলাদেশের কোনো ক্লাব এর আগে এএফসি কাপের ইন্টার জোনাল ফাইনাল খেলতে পারেননি। ঘরের মাঠে ৪-৩ গোলে জেতায় দারুণ এক অর্জনের সামনে ছিল আবাহনী। সেই অর্জনের কাছাকাছিও পৌঁছে যায় প্রিমিয়ার লীগের ৬ বারের চ্যাম্পিয়নরা। ৪৯তম মিনিটে প্রথম গোল হজম করে আবাহনী।এরপর ৮৩ম মিনিটে দ্বিতীয় গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে এপ্রিল টোয়েন্টি ফাইভ।
এএফসি কাপে বাংলাদেশের হয়ে প্রথমবার প্রতিনিধিত্ব করেছিল মুক্তিযোদ্ধা সংসদ। সেটা ২০০৪ সালে।
মাঝে আরও তিনবার বাংলাদেশের ক্লাব খেলেছে এই টুর্নামেন্টে। আবাহনী টানা তৃতীয়বারের মতো এএফসি কাপে খেলতে গিয়ে অবশেষে পার করেছে গ্রুপ পর্ব। এশিয়ান ফুটবলের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্টে বাংলাদেশের কোনো ক্লাবের এটাই সর্বোচ্চ সাফল্য। গ্রুপ পর্বে ভারতের চেন্নাইন এফসি, মিনার্ভা পাঞ্জাব ও নেপালের মানাং মার্সিয়াংদিদের টপকে প্রথমবারের মতো ইন্টার জোনাল সেমিফাইনাল প্লে-অফে পা রাখে বাংলাদেশ প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল দল আবাহনী।















