খেলাধুলা ডেস্ক: সিডিউল অনুযায়ী চট্টগ্রামেই ঈদ করার করা জাতীয় ক্রিকেট দলের। কিন্তু ঢাকা টেস্ট জয়ের পর অনেকটাই নির্ভার জাতীয় দল।
টিম ম্যানেজম্যান্টের কাছ থেকে ঈদের জন্য বাড়তি একদিন ছুটি নিয়েছেন ৭ ক্রিকেটার। পরিবারের সঙ্গে ঈদের দিনটি কাটিয়ে রাতে চট্টগ্রাম পৌঁছবেন ৭ ক্রিকেটার। এছাড়া ৬ ক্রিকেটার আজ বিকেলে টিম ম্যানেজম্যান্টের সঙ্গে চট্টগ্রামে পৌঁছেছেন। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল বেলা ৩টায় ঢাকা ছাড়ে। নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমানের সঙ্গে চট্টগ্রাম গিয়েছেন লিটন কুমার দাস, সৌম্য সরকার এবং মেহেদী হাসান।
রাইজিংবিডি’র চট্টগ্রামের প্রতিনিধি জানিয়েছেন, কড়া নিরাপত্তায় সফরকারী দল ও বাংলাদেশ দলকে হোটেল র্যাডিসনে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দুপুরে অনুশীলন করার কথা রয়েছে। চট্টগ্রামে থাকাকালিন সময়ে সফরকারী দলকে ভিভিআইপি নিরাপত্তা দেয়া হবে।’
সকাল থেকেই বন্দরনগরী চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি। এই বৃষ্টি মধ্যেই শুক্রবার বিকেলে চট্টগ্রামে এসে পৌঁছেছে বাংলাদেশ দলের ও অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারা। বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুই দলই একই সাথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমান বন্দরে পৌঁছানোর পর দুটি দলকে পৃথক দুটি বাসে কঠোর নিরাপত্তা এবং ভিভিআইপি মর্যাদায় বিমানবন্দর থেকে টিম হোটেল রেডিসনে নিয়ে আসা হয়।
চট্টগ্রামের জহুর আহাম্মদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৪ সেপ্টেম্বর দুই দল দ্বিতীয় টেস্ট ম্যাচে অংশ নিবে। এর আগে দুই দলই চট্টগ্রামে অনুশীলন করবে।















