যুক্তরাজ্যে পেনশনভোগীদের জন্য বড় সুখবর, কমছে টেক্সের বোঝা…

40

সাইফ হাসান: যুক্তরাজ্যে ২০২৭ সাল থেকে স্টেট পেনশনভোগীদের বাড়তি আয়করের হাত থেকে রক্ষা করতে নতুন পেনশন ট্যাক্স অ্যালাউন্স চালুর ঘোষণা দিয়েছে সরকার। নতুন এই নিয়মে পূর্ণ নতুন স্টেট পেনশনের চেয়ে বছরে ২৮২ পাউন্ড বেশি আয় করা ব্যক্তিরাও এইচএমআরসির পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে কর ছাড়ের সুবিধা পাবেন। মূলত ২০২৭ সালের এপ্রিল থেকে নতুন স্টেট পেনশনের বার্ষিক পরিমাণ বেড়ে ১৩ হাজার ৩৬ পাউন্ড ৪০ পেন্সে দাঁড়াবে, যা ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা ১২ হাজার ৫৭০ পাউন্ডকে ছাড়িয়ে যাবে। পেনশন বৃদ্ধির কারণে সাধারণ অবসরপ্রাপ্তদের যেন নতুন করে করের আওতায় আসতে না হয়, সেজন্যই এই বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে। যোগ্য পেনশনভোগীদের এজন্য আলাদাভাবে কোনো আবেদন করতে হবে না, বরং স্বয়ংক্রিয়ভাবেই এই সুবিধা কার্যকর হবে।

ব্রিটিশ ট্রেজারির নতুন নিয়ম অনুযায়ী, যাদের বার্ষিক মোট আয় ১২ হাজার ৫৭০ পাউন্ড থেকে ১৩ হাজার ৩৭ পাউন্ডের মধ্যে থাকবে, তারা সর্বোচ্চ ৯৪ পাউন্ড সমমূল্যের পূর্ণ পেনশন ট্যাক্স অ্যালাউন্স পাবেন এবং তাদের কোনো আয়কর দিতে হবে না। এছাড়া যাদের বার্ষিক আয় ১৩ হাজার ৩৭ পাউন্ড থেকে ১৩ হাজার ৩১৯ পাউন্ডের মধ্যে, তারাও আংশিক কর ছাড়ের সুবিধা পাবেন। এক্ষেত্রে পূর্ণ স্টেট পেনশনের অতিরিক্ত প্রতি ৩ পাউন্ড আয়ের জন্য ভাতার পরিমাণ ১ পাউন্ড করে কমে আসবে।

তবে যাদের বার্ষিক মোট আয় ১৩ হাজার ৩১৯ পাউন্ড বা তার বেশি হবে, তারা এই কর ছাড়ের সুবিধার আওতায় পড়বেন না। নতুন এই নিয়মটি ২০২৭ সালের ৬ এপ্রিল থেকে কার্যকর হয়ে ২০৩০ সালের ৫ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। সরকার জানিয়েছে, ২০২৭-২৮ অর্থবছরে প্রায় ৫ লাখ পেনশনভোগী এই সুবিধা পাবেন, যার মধ্যে ২ লাখ ৯০ হাজার মানুষকে কোনো আয়করই দিতে হবে না। চলতি পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার আগে প্রায় ১০ লাখ অবসরপ্রাপ্ত মানুষ এই সুবিধার আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে।

চার্টার্ড ইনস্টিটিউট অব ট্যাক্সেশনের সিনিয়র ম্যানেজার আন্তোনিয়া স্টোকস জানিয়েছেন, ট্রিপল লক নীতির আওতায় ২০২৮-২৯ এবং ২০২৯-৩০ অর্থবছরেও স্টেট পেনশনের সাথে সামঞ্জস্য রেখে এই ভাতার পরিমাণ বাড়ানো হবে। তবে তিনি সতর্ক করে বলেছেন যে, আইএসএ ছাড়া সাধারণ সঞ্চয় বা লভ্যাংশ থেকে আসা করমুক্ত আয়ও এই ভাতার হিসাবের সময় মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। পুরো প্রক্রিয়াটি সাধারণ করদাতাদের কাছে কিছুটা জটিল মনে হতে পারে বলে এ বিষয়ে এইচএমআরসিকে স্পষ্ট দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

#যুক্তরাজ্যসংবাদ #পেনশন #এইচএমআরসি #আয়কর #aknews #onebanglanews