যুক্তরাজ্যে পেনশন নিয়ে নতুন সতর্কতা, সামান্য ভুলেই হাতছাড়া ৫ লাখ পাউন্ড…

1

সাইফ হাসান: যুক্তরাজ্যে পেনশন বা অবসরকালীন সঞ্চয় শুরু করতে দেরি করার কারণে সাধারণ মানুষ লাখ লাখ পাউন্ড হারাচ্ছেন বলে নতুন এক গবেষণায় সতর্ক করা হয়েছে। বিনিয়োগ প্ল্যাটফর্ম ইন্টারঅ্যাকটিভ ইনভেস্টরের হিসাব অনুযায়ী, দেশটিতে গড়ে মানুষ ৩৬ বছর বয়সের আগে পেনশনের বিষয়ে সচেতন হয় না। অথচ ২২ বছর বয়স থেকে পেনশন শুরু না করে ৩৬ বছর বয়সে শুরু করলে অবসরের সময় প্রায় ৫ লাখ ২৫ হাজার পাউন্ড কম পাওয়া যেতে পারে। মূলত কর্মজীবনের শুরুতে পেনশন স্কিম থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার প্রবণতা বাড়তে থাকায় এই বিশাল আর্থিক ক্ষতির বিষয়টি সামনে এনেছেন বিশেষজ্ঞরা। অবসরে সচ্ছল জীবনযাপনের জন্য অল্প বয়স থেকেই সামান্য পরিমাণে হলেও সঞ্চয় শুরুর পরামর্শ দিয়েছেন তারা।

নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্যে ২২ বছর বয়সী কোনো কর্মী বছরে ১০ হাজার পাউন্ডের বেশি আয় করলে নিয়োগকর্তা তাকে স্বয়ংক্রিয়ভাবে পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করেন। গবেষণায় দেখা গেছে, কেউ যদি শুরুতে বেতনের ৫ শতাংশ হারে পেনশন জমা দেন এবং প্রতি পাঁচ বছর পর তা ১ শতাংশ করে বাড়িয়ে ৪৭ বছর বয়সে ১০ শতাংশে নিয়ে যান, তবে দীর্ঘমেয়াদে তিনি বিশাল অঙ্কের তহবিল পাবেন। এই হিসাবটি মূলত বার্ষিক ২ শতাংশ বেতন বৃদ্ধি এবং সব খরচ বাদে বছরে ৫ শতাংশ বিনিয়োগ প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে করা হয়েছে।

ইন্টারঅ্যাকটিভ ইনভেস্টরের ক্যাম্পেইন প্রধান ক্যামিলা এসমুন্ড জানিয়েছেন, স্বয়ংক্রিয়ভাবে পেনশন চালুর ১৪ বছর পর অর্থাৎ ৩৬ বছর বয়সে গিয়ে মানুষ এ বিষয়ে মনোযোগ দেয়। তার মতে, বিশের কোঠায় থাকা তরুণদের হঠাৎ করে বিশাল অঙ্কের টাকা জমানোর প্রয়োজন নেই, তবে শুরু থেকেই ধারাবাহিকভাবে অল্প অল্প সঞ্চয় এবং কর সুবিধার সঠিক ব্যবহার ভবিষ্যতে জীবন বদলে দেওয়ার মতো অর্থ এনে দিতে পারে।

এদিকে পেনশনস ইউকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, অবসরের পর জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সাধারণ মানের জীবনযাপনের জন্য একজন একক ব্যক্তির বছরে অন্তত ১৩ হাজার ৯০০ পাউন্ড এবং দম্পতির জন্য ২২ হাজার ৫০০ পাউন্ড প্রয়োজন। এছাড়া বিদেশ ভ্রমণ ও ছোট গাড়িসহ মধ্যম মানের জীবনযাপনের জন্য একক ব্যক্তির ৩২ হাজার ৭০০ পাউন্ড এবং দম্পতির ৪৫ হাজার ৪০০ পাউন্ড দরকার।

অন্যদিকে বিলাসবহুল ছুটি কাটানো এবং আর্থিক স্বাধীনতাসহ আরামদায়ক অবসরের জন্য একজন মানুষের বছরে ৪৫ হাজার ৪০০ পাউন্ড এবং দম্পতির জন্য ৬২ হাজার ৭০০ পাউন্ড আয়ের প্রয়োজন হবে। তবে ক্যামিলা এসমুন্ড উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে, যুক্তরাজ্যের মাত্র ৯ শতাংশ কর্মী এই আরামদায়ক অবসরের লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছেন।

#যুক্তরাজ্যসংবাদ #পেনশন #অর্থনীতি #সঞ্চয় #aknews #onebanglanews