যশোরে পতিতাপল্লী থেকে ৮৫ জনকে আটক করেছে র‌্যাব

775

ঢাকা সংবাদদাতা: যশোর শহরের হাটখোলা ঝালাইপট্টি পতিতালয় এলাকায় অভিযান চালিয়ে ৮৫ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় ছয়শ লিটার দেশি চোলাই মদও উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার রাতে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত হাটখোলা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ছয়শ লিটার চোলাই মদসহ ৮৫ জনকে আটক করে র‍্যাব ক্যাম্পে নেওয়া হয়।

আটকদের মধ্যে মদ সেবনকারী ও বিক্রেতা রয়েছেন। তাঁদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান র‍্যাব কমান্ডার।

র‍্যাব সদস্যরা যেখানে অভিযানটি পরিচালনা করেন, সেটি যশোর শহরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত বড়বাজার এলাকা। এখানে শত বছরের পুরোনো একটি পতিতাপল্লী রয়েছে। এই পল্লী ঘিরেই চলে মদসহ বিভিন্ন মাদকের ব্যবসা।