লন্ডনে কমলার বাক্সে মিলল প্রায় এক টন কো*কেন…

2

সাইফ হাসান: লন্ডনে কমলার বাক্সের ভেতর লুকানো অবস্থায় প্রায় এক টন সন্দেহভাজন কো*কেন জব্দ করেছে মেট্রোপলিটন পুলিশ। বাহিনীর ইতিহাসে অন্যতম বৃহৎ এই মা*দকবিরোধী অভিযানে এখন পর্যন্ত মোট আটজনকে গ্রে*প্তার করা হয়েছে। অভিযানের সময় পাচারকারী চক্রের আস্তানা থেকে নগদ ৪ লাখ ৫০ হাজার পাউন্ডও উদ্ধার করেন গোয়েন্দারা। যুক্তরাজ্যে শ্রেণি-এ ভুক্ত মা*দক পাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ অপ*রাধ চক্রকে ধরতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গত রোববার ২২ নভেম্বর সন্ধ্যায় পূর্ব লন্ডনের লেটনের শেরিন রোডে অবস্থিত নিউ স্পিটালফিল্ডস মার্কেটে প্রথম অভিযানটি চালানো হয়। সেখানে কমলার বাক্সের ভেতরে বিপুল পরিমাণ কোকেন লুকানো অবস্থায় দেখতে পান কর্মকর্তারা। এ সময় মাদক সরবরাহের ষড়যন্ত্রে জড়িত থাকার সন্দেহে ২৭, ৩৩, ৪১, ৪৩ ও ৫৮ বছর বয়সী পাঁচ ব্যক্তিকে আটক করা হয় এবং কাছাকাছি এলাকা থেকে ১০০ কেজি সন্দেহভাজন মাদকসহ ৪৪ বছর বয়সী আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে হার্টফোর্ডশায়ারের চেশান্ট এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে একই অভিযোগে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয় এবং সেখান থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার পাউন্ড নগদ অর্থ জব্দ করা হয়। পাশাপাশি মেইডস্টোনের কাছ থেকে একটি লরি আটকের পর ডোভারে নিয়ে তল্লাশি চালিয়ে প্রায় ২৫০ কেজি কোকেন উদ্ধার করা হয় এবং লরির ৫০ বছর বয়সী চালককে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে এই তদন্তে মোট ৮৯৩ কেজি সন্দেহভাজন কোকেন জব্দ হয়েছে এবং আটক আটজনই বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

তদন্তের নেতৃত্বে থাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট লিন্ডসে বিলানি জানান, জব্দ করা এই মাদকের বাজারমূল্য কয়েক মিলিয়ন পাউন্ড, যা অপরাধী চক্রটির জন্য এক বিশাল ধাক্কা। তিনি আরও উল্লেখ করেন, লন্ডনের রাস্তায় সহিংসতা উসকে দেওয়া মাদক ব্যবসায়ীদের দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এই অভিযান অন্যান্য পাচারকারী চক্রের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। পুলিশের তথ্যমতে, গত বছর বাহিনীটি সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে ২১ হাজারের বেশি সফল অভিযান চালিয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ৬৩ শতাংশ বেশি।

#লন্ডন #যুক্তরাজ্য #মাদকউদ্ধার #aknews #onebanglanews