সাইফ হাসান: নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভয়াবহ এই দুর্যোগে শত শত মানুষ মা\রা গেছেন এবং নিখোঁজ রয়েছেন দেড় হাজারেরও বেশি পর্যটক ও স্থানীয় বাসিন্দা। নিখোঁজদের তালিকায় অন্তত ৩৩ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নতুন করে আবার প্লাবনের আশঙ্কায় দুর্গত এলাকায় আতঙ্ক আরও তীব্র রূপ নিয়েছে। নিখোঁজ স্বজনদের সন্ধানে চরম উৎকণ্ঠা নিয়ে নেপালের পথে রওনা দিয়েছেন ব্রিটিশ পরিবারগুলো।
গত বুধবার নেপাল ও তিব্বত সীমান্ত অঞ্চলে আঘাত হানা এই পাহাড়ি ঢলে বহু গ্রাম মুহূর্তেই ভেসে গেছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে এখন পর্যন্ত ৫৩৮ জনের বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও দেড় হাজারের বেশি মানুষ। নিখোঁজদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী রয়েছেন, যারা কৈলাশ মানসরোবর দর্শনে গিয়েছিলেন।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নেপালের রসুয়া জেলায়, যেখানে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রিয়জনদের কোনো খোঁজ না পেয়ে পরিবারগুলো চরম দিশেহারা অবস্থায় কাঠমান্ডুর ফ্লাইট ধরছেন। নিখোঁজদের মধ্যে সারে কাউন্টির শিক্ষার্থী স্পন্দন সাহু, তার ওষুধ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বাবা সন্তোষ সাহু, তাদের পরিবার এবং লন্ডনের মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রভীন আতমাকুড় রয়েছেন।
এদিকে তিব্বত-নেপাল সীমান্তে ভূমিধসের কারণে নদীতে ধ্বংসস্তূপ জমে একটি কৃত্রিম হ্রদ তৈরি হয়েছে। দুই দেশের কর্তৃপক্ষই সতর্ক করে জানিয়েছে, পানি উপচে এই হ্রদ ভেঙে গেলে দ্বিতীয় দফায় ভয়াবহ বন্যা নেমে আসতে পারে। এমন পরিস্থিতিতে উদ্ধারকারী দলকে সাময়িকভাবে কাজ স্থগিত রাখতে হয়েছে এবং স্থানীয়দের দ্রুত পাহাড়ের উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।
স্বজনদের একজন জানান, তারা প্রতিনিয়ত কাঠমান্ডুর স্থানীয় প্রশাসন ও দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে প্রবাসী নেপালি নেতারা বলছেন, এটি জলবায়ু পরিবর্তনের এক চরম মূল্য এবং এই ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।
#নেপালবন্যা #আন্তর্জাতিকসংবাদ #aknews #onebanglanews #নেপাল















