আশ্রয়কেন্দ্রের অনুমোদন দিলেন অ্যাঞ্জেলা রেনার, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা…

41

সাইফ হাসান: ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের পিডিংটন গ্রামের কাছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি পরিত্যক্ত স্থাপনায় ১২ শতাধিক আশ্রয়প্রার্থীর জন্য আবাসন তৈরির অনুমোদন দিয়েছে ব্রিটিশ সরকার। বৃহস্পতিবার আবাসন ও কমিউনিটি মন্ত্রী অ্যাঞ্জেলা রেনার এই পরিকল্পনার পূর্ণ অনুমোদন দেওয়ার পর সরকারের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। এর আগে এই সিদ্ধান্তের প্রতিবাদে গ্রামের সাড়ে তিনশ বাসিন্দা প্রতীকী গণভোটের মাধ্যমে যুক্তরাজ্য থেকে আলাদা হওয়ার ঘোষণা দিয়েছিলেন। স্থানীয় প্যারিশ কাউন্সিল জানিয়েছে, আগামী ছয় সপ্তাহের মধ্যেই তারা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানাবেন। মূলত আশ্রয়প্রার্থীদের জন্য ব্যয়বহুল হোটেল ব্যবহার বন্ধ করতেই সরকার সাবেক সামরিক স্থাপনাগুলো ব্যবহারের উদ্যোগ নিয়েছে।

স্থানীয় প্যারিশ কাউন্সিলের চেয়ারম্যান টিম ম্যাকনালি বিবিসি রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে জানান, গ্রামবাসীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেবেন এবং মন্ত্রীদের অবশ্যই আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকা উচিত। প্রয়োজনে পার্লামেন্টে বিবেচনাধীন নতুন হিলসবরো আইনও প্রয়োগ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

প্রতিরক্ষামন্ত্রী লুক পোলার্ড এলবিসি রেডিওকে জানান, বাইসেস্টার ও পিডিংটন এলাকার বাসিন্দাদের তীব্র অনুভূতির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয়দের উদ্বেগ নিরসনে কাজ করছে এবং প্রকল্পটি এখনো চূড়ান্তভাবে বাস্তবায়ন হয়নি বলে তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, নির্বাচনের পর থেকে আশ্রয় আবাসন খাতে এক বিলিয়ন পাউন্ডের বেশি সাশ্রয় হয়েছে এবং সব হোটেল বন্ধ করে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় সম্প্রদায়ের ওপর প্রভাব কমাতে ২৪ ঘণ্টার নিরাপত্তা ও সিসিটিভি ক্যামেরাসহ স্বয়ংসম্পূর্ণ কেন্দ্র তৈরি করা হচ্ছে।

এদিকে কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক এই পরিকল্পনাকে পিডিংটনের নারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং নারী ও শিশুদের নিরাপত্তার প্রতি অবজ্ঞা বলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, লেবার সরকার স্থানীয়দের উদ্বেগ উপেক্ষা করে এক হাজারের বেশি অবৈধ পুরুষ অভিবাসীকে সেখানে পাঠাচ্ছে, যাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো উচিত।

#যুক্তরাজ্য #অক্সফোর্ডশায়ার #আশ্রয়প্রার্থী #ব্রিটিশসরকার #aknews #onebanglanews