সাইফ হাসান: বিশ্বজুড়ে মাইক্রোসফটের কারিগরি বিপর্যয়ে যুক্তরাজ্যের হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও পুলিশি সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া এই বিভ্রাটের কারণে আউটলুকসহ মাইক্রোসফটের বিভিন্ন জনপ্রিয় সেবা অচল হয়ে পড়েছে। এর ফলে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা বা এনএইচএস কর্মীরা ইমেইল ব্যবহার করতে না পেরে রোগীদের কাগজের নথিপত্রের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিকল্প উপায়ে সেবা চালু রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো সাইবার হা*মলা নয় এবং ধীরে ধীরে সেবা স্বাভাবিক হতে শুরু করেছে।
কারিগরি এই ত্রুটির কারণে ব্রিটেনের অনেক প্রতিষ্ঠান যেন নব্বইয়ের দশকে ফিরে গেছে। ম্যানচেস্টারের মিনশুল স্ট্রিট ক্রাউন কোর্টে বিচারক মরিস গ্রিন জুরিদের বাড়ি পাঠিয়ে দিয়ে জানান, সকালে আদালতের কর্মীরা পুরোনো ফ্যাক্স মেশিন খুঁজছিলেন। মজা করে তিনি এই বিভ্রাটের জন্য মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে দায়ী করেন।
স্বাস্থ্য খাতে এই বিপর্যয়ের সবচেয়ে বড় প্রভাব পড়েছে জিপি সার্জারি ও ফার্মেসিগুলোর ওপর। ইমেইল যোগাযোগ বন্ধ থাকায় রোগীদের প্রেসক্রিপশন পেতে বিলম্ব হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ন্যাশনাল রেল জানিয়েছে, যাত্রীরা ইমেইলে পাঠানো ডিজিটাল টিকিট দেখতে না পারলে সরাসরি সংশ্লিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে লগইন করে টিকিট সংগ্রহ করতে পারবেন।
ব্রিটেনের বৃহত্তম পুলিশ বাহিনী মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন অঞ্চলের পুলিশ জানিয়েছে, তাদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অপরাধের অভিযোগ জানানোর প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ব্রিটিশ পার্লামেন্টের এমপিদের ইমেইল সেবা, ব্যাংক অব ইংল্যান্ড এবং শত শত স্কুল ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও এই বিভ্রাটের কবলে পড়েছে।
#যুক্তরাজ্য #মাইক্রোসফট #এনএইচএস #কারিগরিবিভ্রাট #aknews #onebanglanews















