ইহুদি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ ৪ তরুণ গ্রেফতার

73

সাইফ হাসান: লন্ডনে ইহুদি দাতব্য সংস্থার চারটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় চার তরুণ আদালতে দোষ স্বীকার করেছেন। গত ২৩ মার্চ উত্তর-পশ্চিম লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে। এতে চারটি জরুরি অ্যাম্বুলেন্স সম্পূর্ণ ভস্মীভূত হয়ে প্রায় দশ লাখ পাউন্ডের ক্ষতি হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা এই ঘটনাকে ইহুদি সম্প্রদায়ের ওপর পরিকল্পিত সহিংস অপ*রাধ হিসেবে বিবেচনা করছেন। অভিযুক্তদের হেফাজতে রাখা হয়েছে এবং আগামী বসন্তে তাদের সাজা ঘোষণা করা হবে।

আদালতের শুনানিতে জানা যায়, ওল্ড বেইলির আদালতে হাজির হয়ে হামজা ইকবাল (২০), রেহান খান (১৯), জুদেক্স আতশাতশি (১৮) এবং সাইফ আলী (১৮) সম্পত্তিতে আগুন দেওয়া ও মানুষের জীবন বিপন্ন করার অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তাদের মধ্যে তিনজন সরাসরি গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং চতুর্থজন কাছেই একটি গাড়িতে অপেক্ষমাণ ছিলেন।

জরুরি চিকিৎসা সরঞ্জামবাহী অ্যাম্বুলেন্সগুলোতে আগুন দেওয়ার পরপরই ভেতরে থাকা গ্যাস ক্যানিস্টারগুলো বিস্ফোরিত হয়। এতে প্রতিটি আড়াই লাখ পাউন্ড মূল্যের চারটি অ্যাম্বুলেন্সের পাশাপাশি প্রায় বিশ হাজার পাউন্ড মূল্যের চার্জিং স্টেশন ও কেবল ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সগুলো ‘হাতজোলা’ নামের একটি স্বেচ্ছাসেবী ইহুদি দাতব্য সংস্থা পরিচালনা করত, যা ১৯৭৯ সাল থেকে জাতি-ধর্ম নির্বিশেষে উত্তর লন্ডনে বিনামূল্যে জরুরি সেবা দিয়ে আসছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী লিও সেলিগ যুক্তি তুলে ধরেছেন যে, এই ঘটনাকে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত বিবেচনা করে সাজা দেওয়া উচিত। তবে বিচারপতি সীমা গ্রাব জানিয়েছেন, এই পর্যায়ে তিনি কোনো রুলিং দিচ্ছেন না। সুবহান আহমেদ নামের পঞ্চম এক আসামির বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর এই চারজনের দণ্ডাদেশ দেওয়া হবে।

#লন্ডনসংবাদ #অপরাধসংবাদ #আদালত #aknews #onebanglanews