যুক্তরাজ্যে ডিম খেয়ে অসুস্থ অনেকে, বাড়ছে মৃ*ত্যুঝুঁকি

155

সাইফ হাসান: যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ক্যাফে এবং রেস্তোরাঁয় পরিবেশন করা আমদানিকৃত ডিম থেকে এই সংক্রমণ ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ৪৭৪ জন আক্রান্ত হয়েছেন এবং একজন মা\রা গেছেন বলে নিশ্চিত করেছে ব্রিটিশ স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা। সংক্রমণের মূল উৎস দ্রুত চিহ্নিত করা না গেলে আক্রান্তের সংখ্যা আরও বড় আকার ধারণ করতে পারে। সাধারণ মানুষকে রেস্তোরাঁয় অর্ধসেদ্ধ বা কাঁচা ডিম খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক এই প্রাদুর্ভাবের পেছনে বাইরের দেশ থেকে আমদানি করা ডিমের যোগসূত্র পাওয়া গেছে। ব্রিটিশ এগ ইন্ডাস্ট্রি কাউন্সিলের তথ্যমতে, যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় ১৬০ কোটি ডিম আমদানি করা হয়, যা ২০২১ সালের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি। পাইকারি বাজারে দাম কম হওয়ায় এসব ডিম সাধারণত বিভিন্ন ক্যাফে, রেস্তোরাঁ, স্কুল ও নার্সিংহোমের ক্যাটারিংয়ে ব্যবহার করা হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আক্রান্তদের অধিকাংশের সংক্রমণের ধরন প্রায় একই হওয়ায় ধারণা করা হচ্ছে এর পেছনে নির্দিষ্ট একটি উৎস রয়েছে। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল মাইক্রোবায়োলজির প্রধান অধ্যাপক ব্র্যাড স্পিলার এবং কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের অধ্যাপক ক্রিস এলিয়ট জানান, খাদ্য সরবরাহ ব্যবস্থার একদম গোড়ায় গিয়ে নির্দিষ্ট খামার বা উৎপাদক দেশ খুঁজে বের করা অত্যন্ত জটিল একটি কাজ।

যুক্তরাজ্যে প্রতি বছরই সালমোনেলার বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকলেও একই সঙ্গে এত বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার ঘটনা বিরল বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। তারা সতর্ক করে বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমদানিকৃত ডিমের সঠিক উৎস শনাক্ত করে সরবরাহ বন্ধ করা না যাচ্ছে, ততক্ষণ সংক্রমণের এই বিস্তার থামানো কঠিন হবে।

#সালমোনেলা #যুক্তরাজ্যসংবাদ #aknews #onebanglanews #স্বাস্থ্যসংবাদ