সাইফ হাসান: যুক্তরাজ্যের হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে সাত নারীকে যৌ*ন হয়রানির অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত ২৯ বছর বয়সী সোফান আকবাশের বিরুদ্ধে যৌ*ন নিপীড়নের নয়টি অভিযোগ এনেছে ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা টহল জোরদার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার অভিযুক্ত যুবককে লিডস ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এক ব্যক্তি ক্যাম্পাসে নারীদের পথরোধ করে অশালীনভাবে স্পর্শ ও জাপটে ধরার চেষ্টা করেন। ভুক্তভোগী সাত নারী কোনোমতে সেখান থেকে সরে গিয়ে নিরাপত্তাকর্মীদের বিষয়টি জানান। পরে নিরাপত্তাকর্মীদের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং হাডার্সফিল্ডের বাসিন্দা আকবাশকে অভিযুক্ত করে।
ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের গোয়েন্দা পরিদর্শক সারাহ ব্র্যাডলি জানান, শিক্ষার্থী ও কর্মীদের আশ্বস্ত করতে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। তিনি আরও বলেন, ভুক্তভোগীদের সহায়তা প্রদান এবং হাডার্সফিল্ডে বসবাসকারী ও অধ্যয়নরত সবার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক টিম থর্নটন এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের মানসিক সহায়তা দেওয়ার পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্যাম্পাসে নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে। এছাড়া জরুরি সহায়তা পেতে শিক্ষার্থী ও কর্মীদের বিশ্ববিদ্যালয়ের সেফজোন অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।
#যুক্তরাজ্য #হাডার্সফিল্ড #ক্যাম্পাসনিরাপত্তা #ব্রিটিশপুলিশ #aknews #onebanglanews















