ট্রেনের ভেতর অসুস্থ যাত্রীর প্রাণ বাঁচালেন এক নারী চিকিৎসক এখন তাকে খোঁজাখুঁজি

54

সাইফ হাসান: লন্ডনগামী ট্রেনের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৬৯ বছর বয়সী ইয়ান ড্রুয়েরি। ঠিক সেই মুহূর্তে দেবদূতের মতো এগিয়ে আসেন কামরায় থাকা এক নারী চিকিৎসক। তার দ্রুত চিকিৎসায় নিশ্চিত প্রাণ হারানোর হাত থেকে বেঁচে যান ওই বৃদ্ধ যাত্রী। এখন সুস্থ হয়ে সেই রহস্যময় চিকিৎসককে হন্যে হয়ে খুঁজছেন ইয়ান। প্রাণ বাঁচানোর জন্য তাকে সরাসরি ধন্যবাদ জানাতে চান কৃতজ্ঞ এই যাত্রী।

ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে যখন ইয়ান ড্রুয়েরি তার ছেলের বাড়ি থেকে লন্ডনে ফিরছিলেন। জিডব্লিউআর ট্রেনের ভেতরে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। রিডিং স্টেশনে ট্রেনটি থামলে স্টেশনের কর্মীরা দ্রুত একটি ডিফিব্রিলেটর নিয়ে এগিয়ে আসেন এবং কামরায় থাকা চিকিৎসকের হাতে তুলে দেন।

ট্রেনের কর্মী ভেরোনিকা রজার্স সেই সংকটাপন্ন মুহূর্তে ইয়ানকে সাহস জুগিয়েছিলেন। তিনি ইয়ানকে বারবার বলছিলেন যে তিনি সুস্থ হয়ে উঠবেন এবং তাকে তারা ছেড়ে যাবেন না। ট্রেনের ভেতরে থাকা সেই অজ্ঞাতপরিচয় চিকিৎসক ইয়ানকে অত্যন্ত কার্যকরভাবে সিপিআর দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন।

সাউথ সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে যে সেই চিকিৎসকের তাৎক্ষণিক সেবা না থাকলে ইয়ানকে বাঁচানো প্রায় অসম্ভব ছিল। ইয়ান ড্রুয়েরি এখন সুস্থ হয়ে রিডিং স্টেশনে ফিরে এসেছেন সেই মানুষদের ধন্যবাদ জানাতে যারা সেদিন তাকে সাহায্য করেছিলেন। তবে সেই নারী চিকিৎসককে এখনো খুঁজে পাওয়া যায়নি।

নিজের প্রাণ ফিরে পাওয়া এই যাত্রী এখন সেই চিকিৎসকের সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছেন। তিনি বিবিসির মাধ্যমে আবেদন জানিয়েছেন যাতে ওই চিকিৎসক তার সাথে যোগাযোগ করেন। ইয়ান মনে করেন যে সেদিন তিনি সঠিক সময়ে সঠিক মানুষের মাঝে ছিলেন বলেই আজ বেঁচে আছেন।

#ট্রেননিউজ #চিকিৎসক #লন্ডন #aknews #onebanglanews