অভিবাসীদের অপ*রাধের তথ্য গোপন করছে সরকার, যা বললেন ফারাজ…

1

সাইফ হাসান: যুক্তরাজ্যে অভিবাসীদের সংঘটিত অপ*রাধের তথ্য প্রকাশ না করার সরকারি সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রিফর্ম ইউকে নেতা নাইজেল ফ্যারাজ। সেন্টার ফর মাইগ্রেশন কন্ট্রোলের পক্ষ থেকে গত বছরের দণ্ডপ্রাপ্তদের জাতীয়তা ও অপ*রাধের ধরন সংক্রান্ত তথ্য চাওয়া হলে বিচার মন্ত্রণালয় তা প্রত্যাখ্যান করে। সরকারের দাবি, এই তথ্য প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ফাঁ*স হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। নাইজেল ফ্যারাজ এই পদক্ষেপকে একটি জঘন্য ধামাচাপা দেওয়ার চেষ্টা হিসেবে অভিহিত করে সরকার ঠিক কী লুকাতে চাইছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এর আগে তথ্য কমিশনার ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত অভিবাসীদের অপরাধের তথ্য প্রকাশের নির্দেশ দিলেও বিচার মন্ত্রণালয় খরচ এবং গোপনীয়তার অজুহাতে তা আটকে দেয়। এমনকি সাবেক বিচার সচিব ডেভিড ল্যামি সেই রুলিং বাতিল করতে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্প্রতি মন্ত্রণালয়ের বিশ্লেষণ অধিদপ্তর জানিয়েছে যে, জনস্বার্থের চেয়ে তথ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকার বেশি গুরুত্বপূর্ণ।

সেন্টার ফর মাইগ্রেশন কন্ট্রোলের কর্মকর্তা রবার্ট বেটস অভিযোগ করেছেন, সরকার ব্রিটিশ জনগণের নিরাপত্তার চেয়ে বিদেশি অপরাধীদের তথ্য সুরক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বিতাড়িত না হওয়ায় বর্তমানে ২১ হাজার ২৯৪ জন দণ্ডপ্রাপ্ত বিদেশি অপরাধী সমাজের ভেতরেই বসবাস করছে। আটক কেন্দ্রে জায়গার সংকটের কারণে গুরুতর অপরাধীদেরও জামিনে মুক্তি দেওয়া হচ্ছে বলে বর্ডার ফোর্সের সূত্রগুলো সতর্ক করেছে।

অন্যদিকে সরকারের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে যে আটক কেন্দ্রের জায়গার ওপর ভিত্তি করে কাউকে জামিন দেওয়া হয় না। বিচার মন্ত্রণালয় দাবি করেছে, ২০২৪ সালের জুলাই থেকে প্রায় ১২ হাজার বিদেশি অপরাধীকে দেশে ফেরত পাঠানো হয়েছে, যা আগের তুলনায় ৪১ শতাংশ বেশি। বিদেশি বন্দীদের আরও দ্রুত বিতাড়নের লক্ষ্যে সরকার ইতিমধ্যে আইনে পরিবর্তন এনেছে বলেও জানানো হয়েছে।

#নাইজেলফ্যারাজ #যুক্তরাজ্য #অভিবাসন #aknews #onebanglanews