সাইফ হাসান: যুক্তরাজ্যের কর্ম ও পেনশন বিভাগ বা ডিডব্লিউপির সিস্টেম ত্রুটির কারণে নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত আবাসন ভাতা পাওয়ায় নিজের সঙ্গীর অভিবাসন স্ট্যাটাস হারানোর আশঙ্কায় পড়েছেন এক ব্রিটিশ নাগরিক। ওয়েস্ট সাসেক্সের ওয়ার্থিংয়ের বাসিন্দা ওই আবেদনকারীর সঙ্গী একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হওয়ায় সরকারি তহবিল পাওয়ার যোগ্য নন। তা সত্ত্বেও ডিডব্লিউপি তাকে একক ভাতার পরিবর্তে দম্পতিদের জন্য নির্ধারিত উচ্চ হারের ভাতা প্রদান করে আসছে। দপ্তরটি এই ত্রুটির কথা স্বীকার করলেও কারিগরি সমস্যার অজুহাতে তা সংশোধন করতে পারছে না বলে জানিয়েছে।
গত ১৮ মাস ধরে মাসে ৫৮৬ পাউন্ডের পরিবর্তে ৭৯০ পাউন্ড করে ভাতা দেওয়ায় ইতিমধ্যে ৩ হাজার ৬০০ পাউন্ডের বেশি অতিরিক্ত অর্থ জমা হয়েছে। অভিবাসন নিয়ন্ত্রণের অধীনে থাকা কোনো ব্যক্তি অযোগ্য হওয়া সত্ত্বেও সরকারি তহবিলের সুবিধা নিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ভিসা বা অবস্থানের অনুমতি বাতিল করতে পারে। ভুক্তভোগী শুরু থেকেই এই ভুল সংশোধনের চেষ্টা করে আসছেন এবং গত এপ্রিলে একটি ট্রাইব্যুনালও ভাতা পুনঃগণনার নির্দেশ দিয়েছিল।
ট্রাইব্যুনালের নির্দেশের পরও ডিডব্লিউপি কোনো ব্যবস্থা না নেওয়ায় বিষয়টি স্থানীয় এমপির নজরে আনা হয়, তখনই সিস্টেম ত্রুটি এবং কর্মীদের ম্যানুয়াল পরিবর্তনের ওপর নিষেধাজ্ঞার তথ্য বেরিয়ে আসে। পরবর্তীতে গণমাধ্যমের হস্তক্ষেপে ডিডব্লিউপি অবশেষে ওই নির্দিষ্ট আবেদনকারীর হিসাব সংশোধন করার প্রতিশ্রুতি দিয়েছে। দপ্তরটি জানিয়েছে যে এই সমস্যায় খুব কম সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন এবং অতিরিক্ত অর্থ কাউকে ফেরত দিতে হবে না।
#যুক্তরাজ্য #ভিসা #ডিডব্লিউপি #aknews #onebanglanews















