এক সপ্তাহে দুইবার পালিয়ে পুলিশকে উপহাস করে ভিডিও দিলেন কয়েদি

77

সাইফ হাসান: এক সপ্তাহের ব্যবধানে দুইবার পুলিশের হেফাজত থেকে পালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ড্যানিয়েল বোয়াকে নামের এক ফেরার কয়েদি। ২১ বছর বয়সী এই ড্রিল র‍্যাপার গত রবিবার বিকেলে দক্ষিণ-পূর্ব লন্ডনের লুইশাম হাসপাতাল থেকে পালান। এর মাত্র পাঁচ দিন আগে তিনি অন্য একটি হাসপাতাল থেকেও পালিয়েছিলেন যদিও পরে তাকে ধরা সম্ভব হয়েছিল। বর্তমানে তিনি পুলিশের নাকের ডগায় বসে ম*দ ও গাঁ*জা নিয়ে উল্লাস করে নতুন গান প্রকাশ করেছেন। মেট্রোপলিটন পুলিশ তাকে ধরতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে এবং তার এই ধৃষ্টতায় গোয়েন্দাদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।

ড্যানিয়েল বোয়াকে ওরফে ডি-স্যাভ একজন দণ্ডপ্রাপ্ত র‍্যাপার যাকে ২০২৩ সালে একটি বড় ডাকাতি মামলায় প্রায় সাড়ে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। গত ১৫ ফেব্রুয়ারি রবিবার বিকেলে চিকিৎসার জন্য তাকে লুইশাম হাসপাতালে নেওয়া হলে তিনি নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে দৌড়ে পালিয়ে যান। এর আগে ১০ ফেব্রুয়ারিও তিনি ওয়েস্ট মিডলসেক্স বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে পালিয়েছিলেন তবে পরের দিনই ধরা পড়েন।

পালিয়ে যাওয়ার পর বোয়াকে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন যেখানে তাকে তার প্রথমবার পালানোর খবরের সামনে দাঁড়িয়ে গান গাইতে দেখা যায়। গানে তিনি জেল পালানোর গৌরবগাথা প্রচার করেন এবং শ্যাম্পেন ও গাঁজা নিয়ে উল্লাস করেন। তিনি জনপ্রিয় টিভি সিরিজ টপ বয়ের একটি চরিত্রের সাথে নিজেকে তুলনা করে পুলিশকে কার্যত ব্যঙ্গ করেছেন।

এই তরুণ মূলত একটি দুর্ধর্ষ ছিনতাইকারী দলের সদস্য ছিলেন যারা পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ক্রিপ্টোকারেন্সি লুট করত। তারা ভুক্তভোগীদের ফোন পাসকোড হাতিয়ে নিয়ে প্রায় ১ লাখ ১৫ হাজার পাউন্ড সমমূল্যের সম্পদ চুরি করেছিল। এছাড়া ভুক্তভোগীদের ব্যাংক কার্ড ব্যবহার করে কেনাকাটা করার অভিযোগেও তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।

মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন যে বোয়াকেকে ধরার জন্য সব ধরণের প্রচেষ্টা চালানো হচ্ছে। হাসপাতাল থেকে পালানোর সময় পুলিশ তাকে ধাওয়া করলেও শেষ পর্যন্ত ধরতে ব্যর্থ হয়। এই পুরো ঘটনায় পুলিশের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন ওঠায় বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

#লন্ডননিউজ #পলাতকআসামি #পুলিশিঅভিযান #aknews #onebanglanews