সাইফ হাসান: বিদায়ী অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো আগামী দেড় থেকে দুই বছরে বাস্তবায়ন হতে পারে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার গঠন করার প্রাক্কালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান বেতন বৃদ্ধির প্রয়োজনীয়তা অনেক তবে তা এক বাজেটে সম্ভব নয়। আমলাতন্ত্রের সংস্কার এবং ব্যাংক খাতের উন্নয়নে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। অর্থমন্ত্রীর জন্য তিনি বিশেষ দিকনির্দেশনা রেখে যাচ্ছেন।
বিএনপির নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের আগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান ২০তম গ্রেডের কর্মচারীদের ৮ হাজার টাকা মূল বেতন বর্তমানে জীবনযাত্রার মানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ভারত ও পাকিস্তানের উদাহরণ টেনে তিনি বাংলাদেশেও বেতন বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরেন।
গত দেড় বছরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি একে অত্যন্ত রোমাঞ্চকর বলে অভিহিত করেছেন। নীতিগত সিদ্ধান্ত মানুষের জীবনে কীভাবে প্রভাব ফেলে তা তিনি কাছ থেকে দেখেছেন। তবে সচিবালয়ে একবার ঘেরাও হওয়ার ঘটনাকে তার মেয়াদের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।
দেশের আমলাতন্ত্র নিয়ে নিজের পর্যবেক্ষণও তুলে ধরেছেন এই উপদেষ্টা। তিনি বলেন আমাদের আমলারা মেধাবী হলেও অনেকে নিজের ক্যারিয়ার এবং বদলি নিয়ে বেশি চিন্তিত থাকেন। অনেক সময় ফাইল মাসের পর মাস আটকে রাখার প্রবণতাও লক্ষ্য করেছেন তিনি।
নির্বাচিত সরকারের জন্য ব্যাংক খাতের সংস্কার জরুরি বলে মনে করেন সালেহউদ্দিন আহমেদ। নতুন অর্থমন্ত্রীর জন্য তিনি একটি উত্তরাধিকার নোট বা গাইডলাইন রেখে যাচ্ছেন। তিনি আশা করেন পরবর্তী সরকার চলমান সংস্কার কার্যক্রমগুলো সাহসের সাথে এগিয়ে নিয়ে যাবে।
#বাংলাদেশ #অর্থনীতি #বেতন #aknews #onebanglanews















