সাইফ হাসান: ইংল্যান্ড এবং ওয়েলসের কারাগারগুলিতে সোমবার থেকে অতিরিক্ত চেকিং ব্যবস্থা চালু করা হয়েছে। গত সপ্তাহে হাদুশ কেবাতু নামে এক অভিবাসী যৌ*ন অপ*রাধীকে ভুল করে মুক্তি দেওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হলো। তাকে দুই দিনের তল্লাশি শেষে লন্ডন থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় বিচার সচিব ডেভিড ল্যামি পার্লামেন্টে একটি তদন্তের মুখোমুখি হবেন। কেবাতুকে দ্রুত নির্বাসিত করা হবে বলে জানানো হয়েছে।
সরকার শুক্রবার এইচএমপি চেমসফোর্ড থেকে হাদুশ কেবাতুর ভুল মুক্তির পুনরাবৃত্তি এড়াতে কারাগারের গভর্নরদের নতুন পদ্ধতি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। বিচার সচিব ডেভিড ল্যামি সোমবার পার্লামেন্টে এই বিষয়ে একটি স্বাধীন তদন্তের বিষয়ে জানাবেন। প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র বলেছেন, কেবাতুকে “খুব শীঘ্রই” নির্বাসিত করা হবে, সম্ভবত কয়েক দিনের মধ্যেই।
কারাগারের সিনিয়র কর্মীরা এই অতিরিক্ত চেকিংয়ের সমালোচনা করেছেন। তারা বিবিসি নিউজকে বলেছেন, এটি তাদের কাজের চাপ বাড়িয়ে দেবে, যা সিস্টেমকে আরও চাপের মধ্যে ফেলবে। গত এপ্রিল ২০২৪ থেকে মার্চ ২০২৫ এর মধ্যে ২৬২ জন বন্দীকে ভুলবশত মুক্তি দেওয়া হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১১৫ জন।
কেবাতুকে রবিবার সকালে উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকা থেকে ৪৮ ঘণ্টার তল্লাশি শেষে গ্রেপ্তার করা হয়। তিনি এসেক্সের ইপিং-এ এক ১৪ বছর বয়সী কিশোরী এবং একজন নারীকে যৌন হয়রানির দায়ে দণ্ডিত হয়েছিলেন। শুক্রবার তাকে নির্বাসনের জন্য ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়ার কথা থাকলেও কারাগারের কর্মীরা ভুলবশত তাকে মুক্তি দেয়। এই ঘটনায় চেমসফোর্ড কারাগারের একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
হাউজিং সেক্রেটারি স্টিভ রিড কেবাতুর মুক্তিকে “বিপর্যয়কর” বলে অভিহিত করেছেন। সাবেক বিচার সচিব অ্যালেক্স চক বলেছেন, এই ঘটনা কারাগার ব্যবস্থার বিস্তৃত সমস্যারই লক্ষণ এবং এর জন্য একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। স্থানীয় এমপি ম্যারি গোল্ডম্যানও একটি জাতীয় তদন্তের আহ্বান জানিয়েছেন এবং কেবাতুকে দ্রুত নির্বাসনের দাবি করেছেন।
#কারাগার #ভুলমুক্তি #লন্ডন #গ্রেপ্তার #তদন্ত















