ভুল করে ছাড়া পাওয়া ধ*র্ষণ মামলার আসামি এখন দেশের বাইরে

132

সাইফ হাসান: লন্ডনের একটি কারাগার থেকে ভুলবশত মুক্তি পেয়েছেন এক ধ*র্ষণ মামলার আসামি। আদালতের ভুল বার্তার কারণে ছাড়া পেয়েই তিনি দেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন। বর্তমানে ওই ব্যক্তি একটি ইউরোপীয় দেশে অবস্থান করছেন বলে জানা গেছে। এই মারাত্মক ভুলের ঘটনা নিয়ে এখন যুক্তরাজ্যজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

লন্ডনের এইচএমপি ওয়ার্মউড স্ক্রাবস কারাগার থেকে এই ঘটনাটি ঘটেছে। ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ, যৌন হয়রানি ও সহিংসতার একাধিক অভিযোগ রয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরুতে একটি প্রাক-বিচার শুনানির পর আদালতের পক্ষ থেকে ভুলবশত কারাগারকে জানানো হয় যে আসামী জামিন পেয়েছেন।

আদালতের এই ভুল বার্তার পরপরই গত ৬ই ফেব্রুয়ারি তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার কিছু সময়ের মধ্যেই তিনি নিজের কাছে থাকা দ্বিতীয় পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাজ্য ছেড়ে একটি ইউরোপীয় দেশে চলে যান। পুলিশ তার একটি পাসপোর্ট জব্দ করলেও অন্যটি দিয়ে তিনি পালাতে সক্ষম হন।

বিচারক মার্টিন এডমন্ডস কেসি এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। তিনি সরকারকে নির্দেশ দিয়েছেন যেন দ্রুত ওই ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হয়। আগামী সোমবার তার বিচার শুরু হওয়ার কথা ছিল, তবে বর্তমানে তিনি বিদেশে থাকায় বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

অভিযুক্ত ব্যক্তির আইনজীবীরা জানিয়েছেন যে তিনি বর্তমানে পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে ফিরতে পারছেন না। উল্লেখ্য যে, গত বছরও যুক্তরাজ্যের বিভিন্ন কারাগার থেকে ২৬২ জন বন্দিকে ভুলবশত ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছিল।

#banglanews #prisonerror #uknews #aknews #onebanglanews