ঝড় অ্যামিতে আটকা মাছধরা নৌকা উদ্ধারে দুইদিনের অভিযান

86

সাইফ হাসান: উত্তর সাগরে ঝড় অ্যামির তাণ্ডবে বিপদে পড়া একটি মাছধরা নৌকাকে উদ্ধারে টানা দুই দিন লড়েছে যুক্তরাজ্যের আরএনএলআই লাইফবোট টিম। শুক্রবার দুপুরে বিদ্যুৎহীন হয়ে পড়া ৭৯ ফুট লম্বা নৌকাটি ইয়র্কশায়ার উপকূলের ২৬ মাইল দূরে আটকা পড়ে। প্রচণ্ড ঢেউ ও তীব্র বাতাসের মধ্যে প্রথমে স্কারবোরো দলের সদস্যরা উদ্ধার কাজে নামে, পরে ব্রিডলিংটন দল যুক্ত হয় অভিযানে। শেষ পর্যন্ত শনিবার বিকেলে নৌকাটিকে নিরাপদে টেনে আনা সম্ভব হয়।

আরএনএলআই ব্রিডলিংটনের কক্সওয়েন অ্যান্ডি রজার্স জানান, এই উদ্ধার অভিযান ছিল “খুবই চ্যালেঞ্জিং” এবং উত্তর সাগরের পরিস্থিতি ছিল “অত্যন্ত কঠিন”। তিনি বলেন, ক্রমাগত বাড়তে থাকা বাতাস ও উঁচু ঢেউ উদ্ধারকাজকে প্রায় অসম্ভব করে তুলেছিল।

শুক্রবার দুপুর ১২টার কিছু আগে স্কারবোরো আরএনএলআইয়ের অলওয়েদার বোট প্রথম ঘটনাস্থলে পৌঁছে। তারা নৌকাটিকে টেনে আনার চেষ্টা শুরু করে, কিন্তু পাঁচ ঘণ্টারও বেশি সময় সংগ্রামের পর সফল না হওয়ায় ব্রিডলিংটন দলের সহায়তা চাওয়া হয়। তখন নৌকাটি ব্রিডলিংটনের দক্ষিণ-পূর্বে প্রায় ১৫ মাইল দূরে অবস্থান করছিল।

ব্রিডলিংটন দল সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার অভিযান হাতে নেয় এবং গ্রিমসবির দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ১৩০ টন ওজনের নৌকাটি টেনে আনা ছিল অত্যন্ত ধীরগতি। রাত ১২টার কিছু পর হাম্বার আরএনএলআই ও পরে একটি টাগবোট উদ্ধারকাজে যোগ দেয়। তবে শনিবার দুপুরে পরিস্থিতি জটিল হওয়ায় ব্রিডলিংটন দলকে আবারও ডাকা হয়।

অবশেষে বিকেল ১টা ২০ মিনিটের দিকে তারা নৌকাটিকে নিরাপদ এলাকায় টেনে এনে নোঙর ফেলতে সক্ষম হয়। দীর্ঘ এই অভিযান শেষে বিকেল ৬টার কিছু আগে লাইফবোট দলটি ব্রিডলিংটন উপকূলে ফিরে আসে।

ঝড় অ্যামির তীব্র বাতাস ও ভারী বৃষ্টিতে যুক্তরাজ্যের বহু এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডজুড়ে হাজার হাজার ঘরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।