অনিরাপদ ই-বাইক কনভার্সন কিট বিক্রির দায়ে কোম্পানীকে ৮ হাজার পাউন্ড জরিমানা

3

 

অনিরাপদ ই-বাইক কনভার্সন কিট বিক্রির দায়ে লন্ডনের একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার পাউন্ড জরিমানা করেছে আদালত। অগ্নিকাণ্ডের ঝুঁকি ও  ঘন্টাপ্রতি ২৫ কিলোমিটারের বেশি গতিতে চলতে সক্ষম সাইকেলকে বৈদ্যুতিক সাইকেলে রূপান্তরিত করার অপরাধে এই জরিমানা প্রদান করা হয়।

এ ধরনের মামলার ক্ষেত্রে যুক্তরাজ্যে এটি অন্যতম প্রথম সফল প্রসিকিউশন হিসেবে বিবেচিত হচ্ছে।

গত ৬ অক্টোবর থেমস ম্যাজিস্ট্রেটস’ কোর্টে লন্ডন ই-বাইকস লিমিটেড, যা লন্ডন বাইকস নামে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটিকে ১৮টি অনিরাপদ ই-বাইক কনভার্সন কিট বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগে দোষ স্বীকার করা হয়।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ডস কর্মকর্তাদের তদন্তের পর কাউন্সিলের নিজস্ব লিগ্যাল সার্ভিস টিম এই মামলা পরিচালনা করে।

লন্ডন ই-বাইকস লিমিটেড আদালতে স্বীকার করে যে, তারা বিক্রির জন্য ১৭টি ২৫০ ওয়াট এবং একটি ৫০০ ওয়াট ক্ষমতার ই-বাইক কনভার্সন কিট মজুদ রেখেছিল, যা জেনারেল প্রোডাক্ট সেফটি রেগুলেশনস ২০০৫-এর পরিপন্থী।

অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ ই-বাইক সামগ্রীর ব্যবহার রোধ এবং বাজার থেকে এসব পণ্য সরিয়ে নিতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল লন্ডন ফায়ার ব্রিগেড ও ইলেকট্রিক্যাল সেফটি ফার্স্টের সঙ্গে যৌথভাবে কাজ করেছে।

কনভার্সন কিটগুলো সাইকেলকে আইন নির্ধারিত ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিসীমা অতিক্রম করার সুযোগ দিত, যা যুক্তরাজ্যের আইনের পরিপন্থী। একই সঙ্গে উপযুক্ত ব্যাটারি ব্যবহারের বিষয়ে কোনো নির্দেশনা না থাকায় ভুল ব্যাটারি বা চার্জার ব্যবহারের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঝুঁকি সৃষ্টি হওয়ার আশঙ্কাও ছিল।

আদালত লন্ডন ই-বাইকস লিমিটেডকে ৪ হাজার ৫০০ পাউন্ড জরিমানা করেছে এবং ১ হাজার ৮০০ পাউন্ড ভিকটিম সারচার্জ ও ২ হাজার ৬০ পাউন্ড মামলা পরিচালনার খরচ পরিশোধের নির্দেশ দেয়।

একই মামলায় স্টোর ম্যানেজার ও সাবেক পরিচালক মোহাম্মদ হাসানও দোষ স্বীকার করেন। তাকে ১২০ পাউন্ড জরিমানা, ৪৮ পাউন্ড ভিকটিম সারচার্জ এবং ১ হাজার ৩০ পাউন্ড খরচ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িত আরও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এসব মামলার শুনানি আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেমস ম্যাজিস্ট্রেটস’ কোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পাবলিক প্রোটেকশন অ্যান্ড ইন্টিগ্রেটেড এনফোর্সমেন্ট বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলার কবির আহমেদ বলেন, “ ই-বাইক কিটগুলো মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছিল। উচ্চ গতিতে চলার পাশাপাশি এগুলো থেকে অগ্নিকাণ্ডের আশঙ্কাও ছিল।

“আমাদের কর্মকর্তারা সফলভাবে এই মামলাগুলো পরিচালনা করতে পেরেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করি, জননিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা এ ধরনের বিপজ্জনক কার্যক্রমের বিরুদ্ধে অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষও কঠোর ব্যবস্থা নেবে।”

লন্ডন ফায়ার ব্রিগেডের টাওয়ার হ্যামলেটস বারা কমান্ডার রিচার্ড ট্যাপ বলেন, “ এটি একটি চমৎকার সাফল্য এবং যারা অনিরাপদ পণ্য বিক্রি করছেন তাদের জন্য স্পষ্ট সতর্কবার্তা যে, তারা আইনের আওতায় বিচারের মুখোমুখি হবেন।

“ ফায়ার ব্রিগেড এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ডস কর্মকর্তাদের মধ্যে দৃঢ় অংশীদারিত্ব প্রমাণ করেছে যে, সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতামূলক কাজ ইতিবাচক ফল এনে দিতে পারে, যা লন্ডনবাসীর সুরক্ষা নিশ্চিত করতে এবং তাদের নিরাপদ রাখতে সহায়তা করে।

“ লন্ডনজুড়ে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনার পর ২০২৩ সালে লন্ডন ফায়ার ব্রিগেড ‘চার্জ সেফ’ প্রচারণা শুরু করে। তিনি বলেন, ত্রুটিপূর্ণ ই-বাইকের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এখন অত্যন্ত জরুরি, কারণ লন্ডনে গড়ে প্রতি দুই দিনে একটি করে ই-বাইক বা ব্যাটারিজনিত অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসকে ডাকা হচ্ছে।”

ইলেকট্রিক্যাল সেফটি ফার্স্টের প্রকৌশলী গিউসেপ্পে কাপান্না বলেন, “ রোডের জন্য নির্ধারিত আইনগত ক্ষমতার সীমা অতিক্রমকারী ডিআইওয়াই কনভার্সন কিট দীর্ঘমেয়াদে সেগুলো পরিচালনাকারী ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। যদি কোনো কনভার্সন কিট উপযুক্ত ও মানসম্মত ব্যাটারি এবং চার্জার ছাড়া বিক্রি করা হয়, তাহলে ক্রেতাকে নিজেই উপযোগী ব্যাটারি ও চার্জার খুঁজে নেওয়ার দায়িত্ব নিতে হয়। এতে ব্যবহারকারীরা এমন চার্জার কিনে ফেলতে পারেন যা তাদের ব্যাটারির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে অতিরিক্ত চার্জ হওয়ার ঝুঁকি তৈরি হয় এবং অগ্নিকাণ্ডের সম্ভাবনা বেড়ে যায়।”

তিনি বলেন, “আমরা ই-বাইক, কনভার্সন কিট এবং এ-সংক্রান্ত যন্ত্রাংশ কিনতে আগ্রহীদের অনুরোধ করছি, তারা যেন সবসময় স্বনামধন্য ও বিশ্বস্ত বিক্রেতা বা প্রস্তুতকারকের কাছ থেকেই এসব পণ্য ক্রয় করেন। এতে তারা নিশ্চিত হতে পারবেন যে পণ্যটি শুধু আইনসিদ্ধই নয়, বরং নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ এবং ব্যবহারকারী বা অন্য কারও জন্য ঝুঁকিপূর্ণ নয়।”

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও লন্ডন ফায়ার ব্রিগেড জনগণের জন্য ই-বাইক, ব্যাটারি ও চার্জার নিরাপদে কেনার বিষয়ে বিশেষ নির্দেশনা প্রকাশ করেছে।

এছাড়াও কাউন্সিল ইতোমধ্যে ই-বাইক ও লিথিয়াম-আয়ন ব্যাটারির নিরাপদ ব্যবহার ও নিষ্পত্তি বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে নিচের দুটি লিংক দেওয়া হয়েছে।

Buying Safe e-bikes, batteries and chargers | London Fire Brigade

Tower Hamlets launches ‘Dispose Safe’ lithium-ion battery campaign to tackle waste truck fires