সাইফ হাসান: নিজেকে ইংল্যান্ডের ‘কার্দাশিয়ান’ বলে পরিচয় দিয়ে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে জেলে গেলেন জ্যাক ওয়াটকিন নামে এক তরুণ। ২৬ বছর বয়সী এই ব্যক্তি বিলাসবহুল জীবনযাপন করতেন ইনস্টাগ্রামে, কিন্তু সেই জীবন আসলে গড়া ছিল প্রতারণার টাকায়। চেশায়ারের ক্রাউন কোর্ট তাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে।
পুলিশ জানায়, ওয়াটকিন হেরমেস নামের ডিজাইনার হ্যান্ডব্যাগের ব্যবসার নামে মানুষকে প্রলোভন দেখিয়ে ২ লাখ পাউন্ডের বেশি অর্থ হাতিয়ে নেন। তিনি দাবি করতেন, তাঁর ‘বিশেষ সংযোগ’ আছে যার মাধ্যমে ব্যাগ কেনা সম্ভব, পরে সেটি বিক্রি করে লাভ ভাগাভাগি করা যাবে। কিন্তু কেউই ব্যাগ বা টাকার কোনো চিহ্ন পাননি।
এক নারী ভেবেছিলেন, তিনি হ্যান্ডব্যাগ কেনার বিনিয়োগ করছেন, অথচ সেই টাকায় ওয়াটকিন লন্ডনের দোর্চেস্টার হোটেলে বিলাসবহুল বিল পরিশোধ করছিলেন। ওই নারী ২০২২ সালে মেট্রোপলিটন পুলিশে অভিযোগ করলে তদন্ত শুরু হয়। এরপর চেশায়ার পুলিশের ইকোনমিক ক্রাইম ইউনিট একাধিক ভুক্তভোগী ও বিলাসদ্রব্যের প্রমাণ পায়।
তদন্তে আরও চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে—ওয়াটকিনের মোবাইল ফোনে শত শত অশ্লীল ও শিশু নির্যাতনের ছবি পাওয়া যায়। প্রথমবার গ্রেপ্তারের সময় তাঁর ফোন থেকে ৬৩৭টি অশালীন ছবি ও ২৭৪টি শ্রেণি ‘এ’ পর্যায়ের শিশু নির্যাতনের ছবি উদ্ধার হয়। পরে দ্বিতীয় ফোনেও নতুন ছবি ও ভিডিও মেলে।
ডিটেকটিভ গ্যারেথ ইয়েটস বলেন, “ওয়াটকিন নিজেকে ধনী প্রভাবশালী মনে করতেন, কিন্তু বাস্তবে সে ধনীদের কাছ থেকে টাকা চুরি করত নিজের বিলাসী জীবন চালাতে।” তিনি আরও বলেন, “তার পতন অবশ্যম্ভাবী ছিল, এবং এখন সে নিজের প্রতারণা ও নোংরা অভ্যাসের শাস্তি ভোগ করছে।”
জ্যাক ওয়াটকিনকে যৌন অপরাধীর তালিকায় পরবর্তী ১০ বছর নিবন্ধিত থাকতে হবে এবং তার ওপর ১০ বছরের যৌন ক্ষতি প্রতিরোধ আদেশ জারি করা হয়েছে।















