সাইফ হাসান: যুক্তরাজ্যে প্রাপ্য থাকা সত্ত্বেও শত শত কোটি পাউন্ডের সরকারি ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন লাখ লাখ পেনশনভোগী। দেশটির দুটি দাতব্য সংস্থা এজ ইউকে এবং ইন্ডিপেন্ডেন্ট এজের এক যৌথ প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। জটিল আবেদন প্রক্রিয়া এবং ইন্টারনেটের ব্যবহার না জানার কারণে অনেক প্রবীণ নাগরিক এই অর্থ দাবি করতে পারছেন না। দাতব্য সংস্থাগুলো জানিয়েছে, এই আর্থিক সহায়তা পেলে স্বল্প আয়ের প্রবীণদের খাবার কেনা কিংবা ঘর গরম রাখার মতো মৌলিক চাহিদা পূরণ সহজ হতো। এই সমস্যা সমাধানে সরকারের কাছে চার দফা সুপারিশসহ একটি নতুন রূপরেখা তুলে ধরা হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, পেনশন ক্রেডিট বাবদ ২.৪ বিলিয়ন পাউন্ড এবং অ্যাটেনডেন্স অ্যালাউন্স বাবদ ৫.২ বিলিয়ন পাউন্ড এখনো দাবি করা হয়নি। এ ছাড়া কেয়ারার্স অ্যালাউন্সের ২.৪ বিলিয়ন পাউন্ড এবং হাউজিং বেনিফিটের ১.৩ বিলিয়ন পাউন্ড সরকারি কোষাগারেই পড়ে রয়েছে। সরকারি হিসাব মতে, বর্তমানে যুক্তরাজ্যে প্রায় ১৭ লাখ পেনশনভোগী দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন এবং আরও ১০ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে আছেন।
ইন্ডিপেন্ডেন্ট এজের প্রধান নির্বাহী জোয়ানা এলসন এবং এজ ইউকের পরিচালক ক্যারোলিন আব্রাহামস এই পরিস্থিতিকে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা ও লজ্জাজনক বলে উল্লেখ করেছেন। তারা জানান, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই সময়ে প্রাপ্য সহায়তা পেতে প্রবীণদের জটিল ফর্ম ও বিভ্রান্তিকর তথ্যের গোলকধাঁধায় পড়া উচিত নয়। ভাতা প্রাপ্তির হার বাড়াতে তারা সচেতনতা বৃদ্ধি এবং আবেদন পদ্ধতি সহজ করার ওপর জোর দিয়েছেন।
অন্যদিকে ওয়ার্ক অ্যান্ড পেনশনস বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, যোগ্য ব্যক্তিদের কাছে ভাতা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। সরকারি প্রচারণার ফলে ২০২৫ সালে নতুন করে ৩৩ হাজার ৫০০ জন পেনশন ক্রেডিট পেয়েছেন এবং কাউন্সিলগুলোর মাধ্যমে প্রবীণদের সহায়তায় ১ বিলিয়ন পাউন্ডের তহবিল বরাদ্দ রাখা হয়েছে। সরকারি প্রচেষ্টার কারণে ২০২১-২২ সালের পর থেকে পেনশনভোগীদের দারিদ্র্যের হার কমতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি।
#যুক্তরাজ্য #পেনশন #সরকারিভাতা #ব্রিটেনসংবাদ #aknews #onebanglanews















