যুক্তরাজ্যে অভিবাসীদের আইনে পরিবর্তন, দুশ্চিন্তায় হাজারো শরণার্থী পরিবার…

49

সাইফ হাসান: যুক্তরাজ্য সরকারের নতুন অভিবাসন ও আশ্রয় আইনের পরিবর্তনের কারণে দেশটিতে বসবাসরত শরণার্থী পরিবারগুলোর মধ্যে তীব্র উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি ঘোষিত আর্নড সেটেলমেন্ট বা অর্জিত স্থায়ী বসবাসের নীতিমালার কারণে যারা ইতিমধ্যে পাঁচ বছরের শরণার্থী ভিসা পেয়েছেন, তাদের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ২ মার্চের আগে আশ্রয়ের আবেদনকারীদের কোর প্রোটেকশন বা মৌলিক সুরক্ষা ব্যবস্থার আওতায় নিয়ে ৩০ মাস পরপর ভিসা নবায়নের কথা বলা হয়েছে। এর ফলে দীর্ঘ সময় ধরে ব্রিটেনে বসবাস করেও স্থায়ী হওয়ার স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে অনেকের। এমন পরিস্থিতিতে ক্যান্সারে আক্রান্ত এক শরণার্থী নিজের পরিবারের চরম মানসিক চাপের কথা তুলে ধরেছেন।

ভুক্তভোগী ওই শরণার্থী জানান, তিনি ২০০৭ সাল থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং ওই বছরই আশ্রয়ের আবেদন করেছিলেন। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ট্রাইব্যুনাল তার আপিল মঞ্জুর করলেও হোম অফিসের বিলম্বের কারণে ২০২২ সালের জুনে তিনি পাঁচ বছরের শরণার্থী ভিসা পান। এরপর ২০২৫ সালের জুনে স্থায়ী বসবাসের (আইএলআর) আবেদন করলে পাঁচ বছর পূর্ণ না হওয়ায় তা বাতিল হয়ে যায় এবং তিনি ২০২৭ সালের জুনে পুনরায় আবেদনের প্রস্তুতি নিচ্ছিলেন।

কিন্তু গত ৩ নভেম্বর প্রকাশিত সরকারি নীতিমালার ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৬ সালের ২ মার্চের আগে যারা আশ্রয়ের আবেদন করেছেন, তাদের নতুন কোর প্রোটেকশন ব্যবস্থায় স্থানান্তর করে এক দফায় কেবল ৩০ মাসের থাকার অনুমতি দেওয়া হবে। অথচ আগে বলা হয়েছিল যে বর্তমান শরণার্থীরা পাঁচ বছর পর স্থায়ী হওয়ার পুরোনো সুবিধাটি পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতেও পুরোনো শরণার্থীদের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

ওই শরণার্থীর স্ত্রীও একজন শরণার্থী এবং যুক্তরাজ্যে জন্ম নেওয়া তাদের তিন সন্তানের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক। গত ১৯ বছর ধরে তারা যুক্তরাজ্যের বাইরে যাননি এবং বর্তমানে ওই ব্যক্তি ক্যান্সারসহ গুরুতর শারীরিক অসুস্থতায় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। দীর্ঘ অপেক্ষার পর এমন আকস্মিক নিয়ম পরিবর্তনকে অবিচার দাবি করে তিনি দ্য গার্ডিয়ান পত্রিকার কাছে শরণার্থী পরিবারগুলোর এই দুর্দশা তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

#যুক্তরাজ্য #শরণার্থী #অভিবাসনআইন #হোমঅফিস #aknews #onebanglanews