সাইফ হাসান: লুটন থেকে সেন্ট অ্যালব্যান্স এবং গ্যাটউইক এয়ারপোর্ট সংলগ্ন দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এতে লন্ডনগামী গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে ভয়াবহ বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনেক ট্রেন বাতিল, বিলম্বিত বা নতুন রুটে চালানো হচ্ছে। বিকেল ৩টা পর্যন্ত এ পরিস্থিতি চলবে বলে জানিয়েছে থেমসলিংক।
প্রথম দুর্ঘটনা ঘটে লুটন ও সেন্ট অ্যালব্যান্সের মাঝামাঝি এলাকায়। একই সময়ে হেইওয়ার্ডস হিথ ও ওয়েস্ট সাসেক্সের গ্যাটউইক এয়ারপোর্টের মাঝেও আরেকটি দুর্ঘটনা ঘটে। দুটি স্থানে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো দ্রুত পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।
থেমসলিংক কর্তৃপক্ষ জানিয়েছে, লুটন থেকে লন্ডন সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনাল এবং গ্যাটউইক এয়ারপোর্ট রুটে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে, গ্যাটউইক এক্সপ্রেস, গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে এবং সাউদার্ন ট্রেন সার্ভিসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
যাত্রীদের জন্য কোরবি থেকে লন্ডন সেন্ট প্যানক্রাস পর্যন্ত বিকল্প বাস সার্ভিস চালু করা হয়েছে। এতে কেটারিং, মার্কেট হারবোরো, ওয়েলিংবরো এবং নর্থ্যাম্পটন রুটও অন্তর্ভুক্ত করা হয়েছে।
থেমসলিংকের মুখপাত্র বলেন, “বড় ধরনের বিঘ্ন ঘটেছে এবং বিকেল ৩টা পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।”















